রামগতিতে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরের রামগতিতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মো. জসিম উদ্দিন (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার ভোর রাতে উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের বালুরচর গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। জসিম ওই এলাকার আবদুল অদুদ মিস্ত্রীর ছেলে। তিনি পাশ্ববর্তী খায়ের হাট বাজারের ব্যবসায়ী ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামনাশিস মজুমদার জানান, গত ১০-১২ দিন ধরে তার জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এক সপ্তাহ আগে তিনি স্থানীয় এক উপ-সহকারি মেডিকেল অফিসারের কাছে চিকিৎসার জন্য যান। উপসর্গ দেখে ওই সময় চিকিৎসক তাকে করোনা পরীক্ষা করার জন্য পরামর্শ দিলেও তিনি তা করেননি। পরে রবিবার ভোর রাতে শ্বাসকষ্ট বেড়ে তিনি মারা যান।

মেডিকেল অফিসার বলেন, করোনা পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম জসিমের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করেছে।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচিত্র রঞ্জন দাস জানান, এ ঘটনায় মৃত ব্যক্তির বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এমআরএম