ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থী শাহরাজ চৌধুরীর জমানো সব টাকা সরকারের ত্রাণ তহবিলে জমা দিয়েছেন। রবিবার (২৬ এপ্রিল) সকালে বাবার সঙ্গে জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে জমানো টাকার ব্যাংকটি জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম এর হাতে তুলে দেন কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির শিক্ষার্থী শাহরাজ চৌধুরী। সে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ছোট বালিয়া গ্রামের অ্যাডভোকেট ইমরান আলীর ছেলে।
শিক্ষার্থী শাহরাজ চৌধুরী জানান, করোনা সংকট মোকাবিলায় দরিদ্র ও অসহায় মানুষের পাশে থাকতে ঠাকুরগাঁওয়ের অনেকে ত্রাণ তহবিলে টাকা দিচ্ছেন। তাই আমিও আমার জমানো টাকা ত্রাণ তহবিলে দিতে পেরে খুশি।
শিক্ষার্থীর বাবা অ্যাডভোকেট ইমরান চৌধুরী জানান, যে যেভাবে পারছে করোনা সংকট মোকাবিলায় দরিদ্র মানুষের পাশে এগিয়ে আসছে। তেমনি আমার ছেলেও উৎসাহিত হয়ে সে তার জমানো টাকার ব্যাংকটি জেলা প্রশাসকের কাছে তুলে দিয়েছে। এতে আমারও ভালো লাগছে।
এ বিষয়ে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম জানান, ‘মানুষ মানুষের জন্য'- এ কথা মিথ্যে নয় বলেই একে একে অনেকে এগিয়ে আসছে। এভাবে যদি সমাজের বিত্তবানরা এগিয়ে আসে তাহলে করোনা সংকট মোকাবিলায় অনেকটাই সহজ হবে। আমি ধন্যবাদ জানাই শিক্ষার্থী মুক্তা ও শাহরাজকে তারা তাদের জমানো টাকা ত্রাণ তহবিলে দিয়েছে। সামান্য হলেও তা গর্বের বিষয়।
ইত্তেফাক/এসআই