স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় ভারতের কার্যক্রমের প্রশংসায় অ্যালিস ওয়েলস

কোভিড-১৯ মোকাবেলায় সামনে থেকে নেতৃত্ব দেয়া স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় ভারত সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়ার কার্যকরী সহকারী সচিব অ্যালিস জি ওয়েলস। শুক্রবার দক্ষিণ এবং মধ্য এশিয়া ব্যুরো তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে অ্যালিসের উদ্ধৃতি ব্যবহার করে দেয়া এক টুইটে এ কথা জানান।

টুইট বার্তায় বলা হয়, কোভিড-১৯ মোকাবেলায় প্রথম সারিতে থাকা স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় ভারতের নেয়া বাড়তি পদক্ষেপ দুর্দান্ত। নিজেদের কমিউনিটি রক্ষা এই 'হিরো'রা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

বুধবার ভারতের সরকার স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে হামলা বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে আইন প্রণয়ন করে। সেখানে বলা হয়েছে, স্বাস্থ্যকর্মীদের ওপর হামলাকারীদের সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হবে এবং এটি জামিন অযোগ্য অপরাধ হিসেবে বিবেচ্য হবে।

ভারতের ইউনিয়ন মন্ত্রী প্রকাশ জাভেদকার কেবিনেট মিটিংয়ের পর গণমাধ্যমকে বলেন, 'আমরা একটি আইন পাশ করেছি। এটি অনুসারে যে কোন স্থাস্থ্যকর্মীর ওপর হামলাকে জামিন অযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হবে। স্বাস্থ্যকর্মীরা হামলায় আহত হলে ঐ ব্যক্তিকে ৬ মাস থেকে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করা হবে। সেই সঙ্গে ১ লাখ থেকে ৫ লাখ রুপি পর্যন্ত জরিমানা করা হবে'।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার এক টুইটবার্তায় জানান, এই আইনের মাধ্যমে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে এবং তাদের নিরাপত্তায় কোন ত্রুটি রাখা হবে না।

তিনি টুইটে লেখেন, 'দ্য এপিডেমিক ডিজিজ (অ্যামেডমমেন্ট) অর্ডিনেন্স, ২০২০ মূলত স্বাস্থ্য সহায়তা দেয়া কর্মীদের সুরক্ষায় পাশ করা হয়েছে, যারা বীরত্বের সঙ্গে কভিড-১৯ এর বিরুদ্ধে সম্মুখে থেকে যুদ্ধ করে যাচ্ছে। আমাদের এই পেশায় নিয়োজিতদের নিরাপত্তা নিশ্চিত করবে এটি। তাদের নিরাপত্তা কোন ছাড় দেয়া হবে না।'

ইত্তেফাক/আরএ