৪৯২টি উপজেলায় স্বেচ্ছাসেবী আনসার ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ

করোনা ভাইরাসে জনজীবন আজ মারাত্মকভাবে বিপর্যস্ত। সামাজিক, অর্থনৈতিক ও দৈনন্দিন জীবনসহ প্রভৃতি ক্ষেত্রে ভয়াবহ অস্থিরতা বিরাজ করছে। এ পরিস্থিতে দেশের ৪৯২টি উপজেলায় স্বেচ্ছাসেবী আনসার ভিডিপি সদস্যদের মাঝে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এই কর্মসূচির অংশ হিসেবে রবিবার ঢাকা রেঞ্জের ১৩টি জেলার ৮৮টি উপজেলা এবং ঢাকা মহানগরের ২০টি থানাসহ মোট ১০৮টি উপজেলা/থানায় ৩২ হাজার ৪শ জন স্বেচ্ছাসেবী ভিডিপি/টিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

 

আনসার বাহিনী সূত্র জানায়, সরকারের যথাযথ নির্দেশনা মোতাবেক করোনা ভাইরাস মহামারি মোকাবেলায় দুর্যোগের শুরু থেকেই বিভিন্ন কার্যক্রমে ভূমিকা রাখছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদের নির্দেশনায় মানবতাবোধে জাগ্রত হয়ে বাহিনীর প্রান্তিক এলাকা পর্যন্ত বিস্তৃত প্রায় ৬১ লাখ স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্যের মধ্যে পর্যায়ক্রমে সারাদেশে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে এ বাহিনী। এ প্রেক্ষিতে এই কর্মসূচির মাধ্যমে প্রায় ৫ লক্ষ ৫০ হাজার মানুষের এক সপ্তাহের খাবারের ব্যবস্থা করা হয়েছে। দেশের ৬৪টি জেলার প্রতি উপজেলায় ৩০০টি পরিবার হিসেবে ৪৯২টি উপজেলায় মোট ১ লক্ষ ৪৭ হাজার ৬শ পরিবার এবং ঢাকা মহানগরের ২০টি থানায় ৬শটি পরিবারের মধ্যে এক সপ্তাহের খাবার হিসেবে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, সাবান ও মাস্ক বিতরণ কার্যক্রম পর্যায়ক্রমে চালু করা হয়েছে। এতে প্রতি পরিবারে গড়ে ৪ জন করে সদস্য হলে প্রায় ৬ লাখ মানুষ এক সপ্তাহের খাবারের আওতায় আসবে।

 

এই কর্মসূচির অংশ হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক ও রেঞ্জ কমান্ডার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ সাজ্জাদুর রহমানের উপস্থিতে ঢাকা রেঞ্জের ১৩টি জেলার ৮৮টি উপজেলা এবং ঢাকা মহানগরের ২০টি থানার ৩২ হাজার ৪শ জন স্বেচ্ছাসেবী ভিডিপি/টিডিপি সদস্যাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা কমান্ড্যান্ট আফজাল হোসেন, সহকারী পরিচালক (স্পেশাল) মোঃ শরফুজ্জামান ও সহকারী পরিচালক (টিডিপি) মোঃ আশরাফুল হকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

ইত্তেফাক/এএম