বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের ভয়াবহতাকে নিজের শিল্পকর্মের মধ্যে ফুটিয়ে তুলেছেন গিলিয়াম লেগ্রোস নামে এক ফরাসি গ্রাফিটি শিল্পী। রবিবার সুইস আল্পসে আঁকা করোনা নিয়ে নতুন একটি গ্রাফিটি উপস্থাপন করেন তিনি, বেশ খানিকটা উপর থেকে দেখলে যেখানে একটি মেয়েকে দিগন্তের দিকে তাকিয়ে থাকতে দেখা যাবে। খবর রয়টার্সের।
'বিয়োন্ড ক্রাইসিস' নামের সদ্য শেষ করা এই বিশাল চিত্রকর্মের প্রকৃত রূপ ধরা পড়বে ভূ-পৃষ্ঠ থেকে উপরে বা খোলা আকাশ থেকে। এখানে দেখা যাবে, একটি মেয়ে ঘাসের চাদরে বসে যেন দিগন্তের দিকে তাকিয়ে আছে। আর তার চারপাশে হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে আরো বেশ কিছু মানুষ।
শিল্প জগতে সাইপ নামেও পরিচিত গিলিয়াম লেগ্রোস। ঘাসের উপর বিশালাকার গ্রাফিটির জন্য বিখ্যাত তিনি। আইভরি কোস্টের ইয়ামুসুক্রো শহরের উদ্যান থেকে শুরু করে ফ্রান্সের প্যারিসের চ্যাম্প দে মারস উদ্যান পর্যন্ত এঁকেছেন অনেকগুলো অস্থায়ী গ্রাফিটি।
ইত্তেফাক/জেডএইচডি