রংপুরের তারাগঞ্জ উপজেলার কলেজ পাড়া গ্রামে ছেলে ও পুত্রবধূর ধারালো অস্ত্রের আঘাতে চিকিৎসাধীন অবস্থায় মায়ের মৃত্যু হয়েছে। আহত মা নূরবানু চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।
এ ঘটনায় অভিযুক্ত ছেলে নূরজামাল ও তার স্ত্রী তাসলিমাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বাড়ির চলাচলের রাস্তার একটি গাছ কাটাকে কেন্দ্র করে নূরজামাল ও তার স্ত্রী তাসলিমার সঙ্গে ঝগড়া বাঁধে। এর জেরে গত শনিবার ধারালো অস্ত্র দিয়ে ছেলে ও পুত্রবধূ মা নূরবানুর ঘরে ঢুকে আসবাবপত্রসহ অন্যান্য জিনিসপত্র ভাংচুর করতে থাকে। এক পর্যায়ে তারা নূরবানুকে কুপিয়ে জখম করে সটকে পড়ে। পরে বাড়ির অন্য সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেদিন থেকে সেখানে চিকিৎসাধীন ছিলেন। আজ সোমবার দুপুরে তিনি মারা যান।
আরো পড়ুন: উপসর্গ নিয়ে মারা যাওয়া তরুণের তিন ভাই-বোন করোনায় আক্রান্ত
তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত ছেলে ও পুত্রবধূকে গ্রেফতার করা হয়েছে।
ইত্তেফাক/এএএম