মহামারী করোনার প্রাদুর্ভাবে সারাদেশ যখন সংকটময় অবস্থায় ঠিক তখনই ‘উঠবো আমি জেগে’ সংগঠনটির উদ্যোক্তা মো. রাজিব হাসান এবং সুমাইয়া তামান্না একদল তরুণ ও উদ্যমী স্বেচ্ছাসেবক দল নিয়ে ব্যতিক্রমধর্মী এক কার্যক্রম শুরু করেন। সর্বপ্রথম তারা আঞ্চলিক পর্যায়ে ‘বন্ধু ক্যাম্প’ প্রতিষ্ঠা করে—অসহায়, ছিন্নমূল, হতদরিদ্রদের পাশে দাঁড়ায়। বন্ধু ক্যাম্পের পাশাপাশি তাদের রয়েছে আরও তিনটি প্রকল্প। এগুলো হচ্ছে— দরজার পাশে রাখা :নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সদস্যদের জন্য এই সেবা চালু করা হয়েছে। স্বাস্থ্যসেবা দিনরাত :লকডাউনে যারা সাধারণ চিকিত্সা সেবার জন্যও হাসপাতালে যেতে পারছেন না—তাদেরকে টেলিফোনের মাধ্যমে সাধারণ চিকিত্সা সেবা প্রদান করা হচ্ছে এবং দু’মুঠো খাবার : ছিন্নমূল ও ভাসমান মানুষের জন্য রান্না করা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে ঢাকা সহ যেসব জেলায় বন্ধু ক্যাম্প রয়েছে সেসব এলাকায়।