মাস্ক না পরায় কোবরা বাহিনীর কমান্ডোকে পিটিয়ে বেঁধে রাখা হলো

করোনা ভাইরাস থেকে বাঁচতে ভারতে সতর্কতামূলক হিসেবে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। মাস্ক না পরায় শাস্তিও পেতে হয়েছে অনেককে।  

এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যও এই শাস্তির মুখে পড়লেন। তিনি ভারতের কোবরা বাহিনীর কমান্ডো। তাকে মারধর করে হ্যান্ডকাফ পরিয়ে থানায় নিয়ে বেঁধে রাখা হয়। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই কমান্ডো সাধারণ পোশাকে ছিলেন। ছুটিতে তিনি নিজের বাড়ি বেলাগভিতে ছিলেন। অভিযোগ উঠেছে, মাস্ক না পরায় তাকে পিটিয়ে এবং হ্যান্ডকাফ পরিয়ে মেঝেতে বসিয়ে রাখা হয়।

ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ক্ষিপ্ত গতির ইউনিট হচ্ছে কোবরা। এই ব্যাটালিয়নের সদস্যরা গেরিলা যুদ্ধে দক্ষ। এছাড়া তারা মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে থাকেন। 

এ ঘটনায় কর্ণাটকের পুলিশ প্রধান প্রবীণ সুদকে চিঠি দিয়েছে সিআরপিএফ।

সেখানে বলা হয়েছে, ওই কমান্ডোকে হেনস্থা করা হয়েছে। তাকে খালি পায়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। হ্যান্ডকাফ ও শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে ভারতের সংবাদসংস্থা জানিয়েছে, পুলিশের এই শাস্তির বিরুদ্ধে পাল্টা মামলা করার চিন্তা করছে সিআরপিএফ।

এদিকে পুলিশ বলছে, হঠাৎ পুলিশ কনস্টেবলের সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলা শুরু করেন কমান্ডো সচিন।

তিনি বলেন, ‘আমি সিআরপিএফের সদস্য। আপনারা আমায় এটা (মাস্ক পরতে) বলতে পারেন না, আমি কখনই আপনাদের নিয়ম মানব না।’

সিআরপিএফের মুখপাত্র দিনাকরণ পিটিআইকে বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে কর্ণাটক রাজ্যের পুলিশ প্রধানের সঙ্গে কথা বলছি। মঙ্গলবার আদালতে তার জামিনের আবেদন পৌঁছে যাবে।’

ইত্তেফাক/জেডএইচ