নড়াইল জেলা আনুষ্ঠানিকভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৩টা থেকে এ লকডাউন কার্যকর হবে। অন্য জেলার সাথে এ জেলায় এবং এক উপজেলার সাথে অন্য উপজেলায় আসা-যাওয়া বন্ধসহ গণপরিবহন ও জনসমাগম নিষিদ্ধ থাকবে। তবে জরুরী পরিসেবা লকডাউনের আওতার বাইরে থাকবে।
নড়াইলে করোনায় আক্রান্তের সংখ্যা হঠাৎ করে বাড়তে থাকায় জেলা প্রশাসক আনজুমান আরা সোমবার (২৭ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ লকডাউন ঘোষণা করেছেন।
আরও পড়ুনঃ মরদেহ সিঁড়িতে পড়ে ছিল, ডাকলেও সাড়া দেয়নি কেউ
নড়াইলের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল মোমেন জানান, সোমবার (২৭ এপ্রিল) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাব থেকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার , মা ও শিশু কল্যান কেন্দ্রের ডাক্তার ডাঃ আব্দুল মান্নান ও ডাঃ প্রশান্ত মল্লিকের করোনা নমুনা পজেটিভ এসেছে। এছাড়া গত রবিবার জেলা প্রশাসকের সহকারি মোঃ দুলাল হোসেনের করোনা পজিটিভ ধরা পড়ে। এ নিয়ে জেলায় মোট ৭জন চিকিৎসকসহ মোট আক্রান্তের সংখ্যা ১৩ জন। আক্রান্তরা সবাই নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, হঠাৎ করে নড়াইলে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৩টা থেকে এ লকডাউন কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত লকডাউন বহাল থাকবে।
ইত্তেফাক/ এমএএম