দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা চালিয়ে যেতে চান ডমিঙ্গা

দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা চালিয়ে যেতে আপত্তি নেই রাসেল ডমিঙ্গোর। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন বাংলাদেশের এই প্রধান কোচ। করোনা ভাইরাসের প্রকোপের কারণে লম্বা সময় ধরে সব ধরনের খেলাধুলা বন্ধ আছে। মাঠে কবে ক্রিকেট ফিরবে সেটারও নেই কোনও নিশ্চয়তা।
 

এমন অবস্থায় প্রশ্ন উঠেছে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা চালিয়ে যাওয়া নিয়ে। খেলাধুলার প্রাণ বলা হয়ে থাকে দর্শককে! পরিস্থিতি এতোটাই খারাপ যে দর্শক ছাড়াই ম্যাচ চালানোর কথা ভাবছে সংশ্লিষ্টরা। আর এতে আপত্তি নেই ডমিঙ্গোর।

তিনি বলেন, 'শূন্য মাঠে খেলা? আমার কোনো সমস্যা নেই। মূল কথা হচ্ছে ক্রিকেটারদের খেলে যাওয়া। খেলতে থাকলেই উন্নতি হবে। ফিটনেস উন্নতি হবে। কিছু কিছু ক্রিকেটীয় কর্মকাণ্ড ধীরে ধীরে শুরু করতে পারলে ভালো হয়। সেটা ১০ জন মানুষের সামনে হোক আর ১ লাখ মানুষের সামনে হোক, খুব একটা পার্থক্য নেই।’

করোনা আক্রমণের শুরুর ভাগে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দর্শকবিহীন এক ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সেই ম্যাচ নিয়ে কিছুদিন আগেই মন্তব্য করেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ডমিঙ্গোর মতো ফিঞ্চও বলেছিলেন, শূন্য মাঠে খেলাটা ক্রিকেটারদের জন্য খুব বেশি পার্থক্য তৈরি করবে না।

ইত্তেফাক/এসআই