মৃত্যুর পর জানা গেলো গোবিন্দগঞ্জের কিশোর করোনায় আক্রান্ত ছিল

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের আলীগ্রামের কিশোর রিয়াদ বাবু (১৪) মারা যাওয়ার পর জানা গেল সে করোনা ভাইরাসে আক্রান্ত ছিল।তার সংগৃহীত নমুনা গত সোমবার রংপুর পিসিআর ল্যাবে পরীক্ষা শেষে এ তথ্য জানা গেছে বলে জানান গাইবান্ধার সিভিল সার্জন এবিএম আবু হানিফ। 

তিনি বলেন, গাইবান্ধায় এই প্রথম কোন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেল। 

গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদি হাসাস জানান, মৃত রিয়াদের সংস্পর্শে আসা প্রায় ৫০ জনকে সনাক্ত করে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। 

তিনি আরও জানান, রিয়াদ বাবুর মা একজন গার্মেন্টস শ্রমিক ও বাবা দিনমজুর। তারা উভয়েই ঢাকার সাভারে কাজ করে। সেখান থেকে গত ২০ এপ্রিল বাড়ী আসে। পরে গত ২৪ এপ্রিল রিয়াদ অসুস্থ হলে তাকে গত ২৫ এপ্রিল বেলা ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে ওই দিন বেলা পৌনে ১২টায় সে মারা যায়।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম জানান, রিয়াদ প্রায় দুই বছর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় আঘাত পায়। এতে সে আংশিক স্মৃতি শক্তি হারিয়ে ফেলে। এ কারণে সে মাঝে মধ্যে অসুস্থ হতো। গত ২৪ এপ্রিল রিয়াদ অসুস্থ হলে পরিবারের লোকজন ধরানা করে সেই সড়ক দুর্ঘটনাজনিত কারণেই রিয়াদ অসুস্থ হয়েছে।

তিনি আরও জানান, কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকদের সন্দেহ হয় রিয়াদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তারা নমুনা সংগ্রহের সিদ্ধান্ত নেন কর্মরত চিকিৎসকগন। কিন্তু তার আগেই সে মারা যায়। পরে নমুনা সংগ্রহ করে পরীক্ষা শেষে করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। 

ইত্তেফাক/বিএএফ