করোনা ভাইরাসের কারণে থমকে থাকা ইউরোপীয় ফুটবল লিগগুলো কবে ফের শুরু হবে সেটা এখনো ধোঁয়াশায়। তবে ফিরলে খেলোয়াড়দের ঠাসবুনটের সূচির মুখোমুখি হবার সম্ভাবনা শতভাগ। এ অবস্থায় তাদের ঝুঁকি কমাতে বদলি খেলোয়াড়ের সংখ্যা তিন থেকে বাড়িয়ে পাঁচে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছে ফিফা।
ইউরোপীয় ফুটবল গত মাসের মাঝামাঝি সময় থেকে বন্ধ আছে। তবে ইউরোপে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই ফেরার তোড়জোড় শুরু হয়ে গেছে লিগগুলোর। বুন্ডেসলিগার দলগুলো এরই মধ্যে অনুশীলনে নেমে গেছে, মাঠে ফেরার অপেক্ষায় আছেন ইতালিয়ান সিরিআর দলগুলোও। প্রিমিয়ার লিগের দলগুলোও ধীরে ধীরে ফিরছে অনুশীলন মাঠে। অনুমতি মিলেছে লা লিগার দলগুলোরও। ফলে ফুটবলের মাঠে ফেরাটাকে মনে হচ্ছে সময়ের ব্যাপার বলেই। তবে ফুটবল যখনই ফিরবে, তিন মাসের সূচিকে দুই মাস কিংবা তারও কম সময়ে শেষ করার একটা তাড়া থাকবেই। ফলে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে চিন্তাও বাড়তে পারে পাল্লা দিয়ে। দলগুলোকে এ চিন্তা থেকে মুক্তি দিতে ম্যাচপ্রতি বদলির সংখ্যা তিন থেকে বাড়িয়ে পাঁচে উন্নীত করার প্রস্তাব দিয়েছে ফিফা। তবে প্রস্তাবটিকে গৃহীত হওয়ার আগে অনুমোদন পেতে হবে ফুটবলের নিয়মনীতি নির্ধারণকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)-এর। তবে চূড়ান্ত সিদ্ধান্তটা নেবে ইউরোপীয় লিগগুলোর কমিটি আর দেশের ফুটবল ফেডারেশনই।
আরো পড়ুন : ২৯ এপ্রিলের ভয়াল স্মৃতি ভুলেননি উপকূলবাসী
প্রস্তাবে উল্লেখ আছে, বিরতির সময় বাদে আরো তিন সময়ে পাঁচ জন খেলোয়াড় বদল করতে পারবে দলগুলো। খেলা অতিরিক্ত যোগ করা সময়ে গড়ালে বদলির সুযোগ বাড়বে আরো একটি।
আইএফএবি আর লিগগুলো ফিফার প্রস্তাবিত এই নিয়ম মেনে নিলে এটি খেলা পুনরায় চালু হওয়া থেকে শুরু করে চলবে আগামী মৌসুমের শেষ পর্যন্ত। আর আন্তর্জাতিক ম্যাচে এ নিয়ম চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।
ইত্তেফাক/ইউবি