‘গার্মেন্টস কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হলে দেশে করোনা পরিস্থিতি মোকাবিলা সহজ হবে’

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, করোনা ভাইরাস জনিত বর্তমান সঙ্কট মোকাবেলায় সরকারি-বেসরকারি যৌথ প্রচেষ্টা প্রয়োজন। তবেই এ সংকট ভালোভাবে মোকাবেলা করা সম্ভব।

গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত "কোভিড-১৯ অ্যান্ড হিউম্যান রাইটস:প্রোটেকটিং দ্যা মোস্ট ভালনারেবল" শীর্ষক এক ওয়েব সেমিনারে (ওয়েবইনার) ঢাকা থেকে অনলাইনে অতিথি হিসেবে যুক্ত হয়ে আইনমন্ত্রী এ অভিমত তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশে করোনা ভাইরাস জনিত সঙ্কট মোকাবেলায় সরকারের পাশাপাশি অনেক বেসরকারি প্রতিষ্ঠান এমনকি ব্যক্তি বিশেষ এগিয়ে এসেছে। সরকারের পাশাপাশি গার্মেন্টস সংগঠনগুলো তাদের কারখানাগুলোর কর্মীদের সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে পারলে বাংলাদেশের করোনা পরিস্থিতি মোকাবিলা করা সহজ হবে।

আরও পড়ুন: বাবা হলেন করোনা জয়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

জাতিসংঘ গ্লোবাল কম্প্যাক্ট এ সেমিনারের আয়োজন করে। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট ও ন্যাটুরা কোম্পানির চেয়ারম্যান রবার্ট মারকুইসও সেমিনারে অতিথি হিসেবে অংশ নেন।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনীতিতে করোনা ভাইরাস জনিত সঙ্কট মোকাবেলায় বেশ কিছু উদ্দীপনা প্যাকেজ সহ তাঁর সরকারের তরফ থেকে দুই ধাপে ৭২ হাজার ৭৫০ কোটি টাকার সার্বিক একটি প্যাকেজ ঘোষণা করেছেন। এ ছাড়া কৃষি খাতের ক্ষতি মোকাবিলায় কৃষকের জন্য ৫ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগে সারাদেশের ঝুঁকিপূর্ণ ও সাধারণ মানুষের কষ্ট লাঘবে সরকারি ত্রাণ তৎপরতা অব্যাহত আছে। এ পর্যন্ত মানবিক সহায়তা হিসেবে ৭০ লাখ ৬৭ হাজার ৯৩০টি পরিবার তথা তিন কোটি ৮১ লক্ষ ৫৮ হাজার ২৬৮ জনের কাছে সরকারের চাল ও নগদ টাকার সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে । এর বাইরে শিশুদের জন্যও আলাদাভাবে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে।

ইত্তেফাক/ এমএএম