কুমিল্লার দেবিদ্বারে নতুন করে আরও ৬ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ঢাকার আইইডিসিআর থেকে প্রাপ্ত রিপোর্ট অনুসারে ১০জনের নমুনার মধ্য থেকে ছয়জনের পজেটিভ ও চারজনের নেগেটিভ রিপোর্ট আসে। রিপোর্ট হাতে পেয়ে স্থানীয় প্রশাসন আক্রান্তদের বাড়ি লকডাউন করে দেয়। এ নিয়ে মোট ৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৯ জনের পজেটিভ এবং ২৬ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে।
ওই নয়জনের মধ্যে এক ইউপি সদস্যসহ মারা গেছেন দুইজন। একজন আছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে চিকিৎসাধীন। বাকিরা তাদের বাড়িতে হোম কোয়ারেন্টিনে চিকিৎসা নিচ্ছেন। বুধবার বিকালে এসব তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আহম্মেদ কবীর।
এ বিষয়ে বুধবার বিকালে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান জানান, নতুন শনাক্ত হওয়া ছয়জনের বাড়ির মধ্যে দুইটি বাড়ি আগে থেকেই লকডাউন ঘোষণা করা হয়েছিলো। নতুন করে গুনাইঘর উত্তর ইউনিয়নের নুুরুল ইসলামের বাড়িসহ আরও ৮/১০ টি বাড়ি এবং নবিয়াবাদ এলাকার আরও একটি বাড়ি লকডাউন করা হয়। তিনি আরও জানান, আক্রান্তদের জন্য উপজেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় খাবার ও ফল দেয়া হয়েছে। যতদিন প্রয়োজন হবে, তত দিন তাদেরকে খাদ্য সামগ্রী সরবরাহ করা হবে।
ইত্তেফাক/এসআই