সাভারের আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধের দাবীতে শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। বুধবার (২৯ এপ্রিল) ডিইপিজেড এর এ-ওয়ান বিডি লি: এবং জামগড়া এলাকার ওয়ার্ল্ড ওয়ান ডেনিম লিঃ পোশাক কারখানার শ্রমিকরা তাদের বেতন পরিশোধের দাবীতে এ কর্মসূচি পালন করে।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, আশুলিয়ার রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) পুরাতন জোনের এ ওয়ান বিডি লিঃ পোশাক কারখানার ১১শ শ্রমিকের চলতি মাসসহ ৪ মাসের বেতন বকেয়া রয়েছে। একাধিকবার কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন প্রদানের আশ্বাস দিলেও বেতন পরিশোধ করা হয়নি। ফলে বেশ কিছুদিন ধরেই কারখানাটির শ্রমিকরা বকেয়া বেতনের দাবী জানিয়ে আসছে।
বুধবার সকাল থেকে ডিইপিজেডের প্রধান ফটকে অবস্থান নিয়ে নবীনগর-চন্দ্রা মহাসড়কে বিক্ষোভ মিছিল করতে থাকে শ্রমিকরা। একপর্যায়ে তাঁরা ডিইপিজেডের মহাব্যবস্থাপকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে চলতি মাসসহ তাঁদের চার মাসের বকেয়া বেতন ও ভাতা পরিশোধের দাবি জানায়। পরে পুলিশ এসে শ্রমিকদের বেতন প্রদানের ব্যবস্থা করার আশ^াস দিয়ে তাদের সরিয়ে দিলে তারা বাড়ী ফিরে যায়।
অপরদিকে জামগড়া এলাকার ওয়ার্ল্ড ওয়ান ডেনিম লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। সকালে কারখানার সামনে অবস্থান নিয়ে বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে তারা আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধ করে। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে পুনরায় যানচলাচল শুরু হয়।
ডিইপিজেডের মহাব্যবস্থাপক (জিএম) আব্দুস সোবাহান সাংবাদিকদের জানান, এ ওয়ান কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা শীঘ্রই পরিশোধ করা হবে।
ইত্তেফাক/এসআই