ভাতার টাকা ত্রাণ তহবিলে দান করলেন প্রতিবন্ধী

নিজের ভাতার টাকা বরিশাল সিটি কর্পোরেশনের ত্রাণ তহবিলে দান করে দৃষ্টান্ত স্থাপন করলেন নগরীর এক শারীরিক প্রতিবন্ধী মো. বাদশা খান। বুধবার বিকেলে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের হাতে সিটি কর্পোরেশনের ত্রাণ তহবিলে জমা দেয়া টাকার রশিদ তুলে দেন তিনি।

পরে সাংবাদিকদের সাথে আলাপকালে বাদশা জানান, প্রতিবন্ধী হিসেবে প্রতিমাসে ৬শ’ টাকা ভাতা পান তিনি। ৫ মাসের ভাতার তিন হাজার টাকা পহেলা রমজানে উত্তোলন করেন তিনি। এছাড়া তার কাছে জমানো ছিলো ২ হাজার টাকা। এ নিয়ে মোট ৫ হাজার টাকা বুধবার দুপুরে নগরীর সদররোডস্থ জনতা ব্যাংকে সিটি করপোরেশনের ত্রাণ তহিবলের একাউন্টে জমা দেন তিনি। বিকেলে এ রশিদ মেয়রের সাথে দেখা করে সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তার কাছে জমা দেন। বাদশা বলেন সিটি কর্পোরেশনের মেয়র বরিশাল নগরবাসীর মধ্যে যারা নিম্ন আয়ের তাদের খাবার দেয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন এই কাজে বিপুল পরিমাণ টাকা ব্যয় হচ্ছে। সেই ব্যয় বহনের জন্য মেয়র ত্রাণ তহবিল গঠন করেছেন। আর তাকে সহযোগিতা করার জন্য নিজের হাতে থাকা সবটুকু সেই ত্রাণ তহবিলে দান করেছেন। একই সাথে নগরীর বিত্তবানদের নিম্ন আয়ের মানুষের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান তিনি। বাদশা বরিশাল সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের হাজেরা খাতুন স্কুল এলাকায় স্ত্রী, কন্যা, মা-ভাইদের সহ বসবাস করেন।

বিসিসি কর্তৃপক্ষ জানায়, বাদশা বরিশালবাসীর গর্ব। সে প্রতিবন্ধী হয়েও যে কাজটি করেছেন তা বাকী সকলের জন্য অনুকরণীয়। 

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল মেয়র নিজ উদ্যোগে ত্রাণ তহবিল গঠন করে নিজের এ পর্যন্ত প্রাপ্য সকল ভাতাদি সহ মোট ৩৫ লাখ ৫৪ হাজার টাকা তহবিলে প্রদান করেন। এছাড়া মেয়রের আহবানে সাড়া দিয়ে আরও কয়েকজন অর্থ প্রদান করেন। সব মিলিয়ে বুধবার পর্যন্ত তহবিলে এক কোটি ৫ লাখ ৪ হাজার টাকা জমা পড়েছে বলে বিসিসি সূত্র জানিয়েছে। 

ইত্তেফাক/বিএএফ