'কোভিড-১৯ মহামারীতে বিশ্বজুড়ে চলমান লকডাউনের সুযোগকে চরমপন্থিরা কাজে লাগাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি জানান, চরমপন্থিরা যুবকদের ক্ষোভ ও হতাশাকে কাজে লাগিয়ে তাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে নিজেদের দলে নেয়ার প্রচেষ্টা চালাচ্ছে। যুবকদের বুঝানো হচ্ছে যে, স্বাস্থ্য সংকটের কারণে বিশ্ব কোনো হারিয়ে যাওয়া প্রজন্মকে বহন করার সামর্থ্য রাখে না।
সোমবার একটি ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন তিনি। গত পাঁচ বছর ধরে যুব সমাজ, শান্তি এবং সুরক্ষা উপর একটি যুগান্তকারী সমাধানের জন্য কাজ করছেন বলে কনফারেন্সে জানান তিনি।
জাতিসংঘ মহাসচিব বলেছেন, আমরা ইতোমধ্যে দেখতে পেয়েছি যে, এক শ্রেণির লোকেরা লকডাউনের সুযোগ নিয়েছে। এ সময় তাদের লক্ষ্য একটাই, আর তা হলো যুবকরা যেনো বেশি বেশি সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যয় করে এবং অনলাইনে তারা তাদের ঘৃণার মনোভাব যুবকদের মাঝে ছড়িয়ে দিতে পারে।
আন্তোনিও গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেন, চলমান এই সংকটের আগেও তরুণরা প্রচুর চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছিলো।
আরও পড়ুন: লকডাউন: নাইজেরিয়ায় বাড়ছে যৌন সহিংসতা
তিনি বলেছেন, প্রতি পাঁচজন তরুণের মধ্যে একজনের বর্তমানে পড়াশুনা, প্রশিক্ষণ কিংবা কোন কর্মসংস্থানে নেই। আর প্রতি চারজনের একজন দ্বন্দ্ব বা সহিংসতার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আর প্রতিবছর ১ কোটি ২০ লাখ মেয়ে বিয়ের বয়স হওয়ার আগেই মা হয়ে যাচ্ছেন।
ইত্তেফাক/আরআই