অতীত থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের নির্বাচনি প্রচারণায় ভারতবিরোধী বক্তব্য দেয়া থেকে বিরত ছিলো বিএনপি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ মন্তব্য করা হয়েছে। এ ধরনের পরিবর্তনের পেছনে ভারতে যেতে বাংলাদেশিদের ভিসা সহজ করাসহ উভয় দেশের সম্পর্ক উন্নয়নের প্রভাব রয়েছে বলে দাবি পত্রিকাটির।
‘বাংলাদেশে নির্বাচনি উত্তেজনা, ভারত গরম ইস্যু নয় যেকারণে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘অতীতে বাংলাদেশের নির্বাচনি বাগাড়ম্বরের বড় অংশজুড়ে থাকতো ভারত ইস্যু। কিন্তু এ নির্বাচনে বিষয়টি অনুপস্থিত। অতীতে আওয়ামী লীগকে ভারতপন্থী বলে অভিযোগ করতো বিএনপি। কিন্তু ২০১৪ সালের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার এমনটি করেনি দলটি।’
প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালের নির্বাচন বিএনপি বয়কট করলেও পুনরায় নির্বাচন দিতে শেখ হাসিনা সরকারকে চাপ দেয়নি ভারত। উল্টো শেখ হাসিনার জয়কে স্বীকৃতি দেয়া হয় ভারতের পক্ষ থেকে। এ ঘটনাকে বড় ভুল হিসেবে বিবেচনা করে থাকে বিএনপির অনেক নেতা।
আরও পড়ুনঃ ব্যাংককে বিজেপি সেক্রেটারির সঙ্গে বৈঠক করতে চেয়েছিলাম, পারিনি: র্মির্জা ফখরুল
বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়ন, বাংলাদেশকে ভারতের উন্নয়ন সহায়তা বৃদ্ধি, দ্বিপাক্ষিক বাণিজ্যে উন্নতি, যৌথ উন্নয়ন প্রকল্পগ্রহণ ইত্যাদি বিষয়কে ভারতবিরোধিতায় পরিবর্তনের পেছনে কারণ হিসেবে উল্লেখ করা হয়।
ভিসা সহজ করায় ২০১৫ সালের তুলনায় ২০১৮ সালে ভারতে যাওয়া বাংলাদেশি ভ্রমণকারীর সংখ্যা তিনগুণ বেড়েছে। এটিকে পরিবর্তনের অনুঘটক হিসেবে উল্লেখ করা হয়।
একজন ভারতীয় কূটনীতিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘বাংলাদেশের মানুষ এখন অনেক ধনী হয়েছে। তারা কেনাকাটা এমনকি সপ্তাহ শেষে মদ খাওয়ার জন্যও কোলকাতায় যাচ্ছে।’
ইত্তেফাক/টিএস।