ভেনিজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ১৭ কয়েদি

ভেনিজুয়েলার একটি কারাগারে দাঙ্গার মধ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায় কয়েদিরা। এসময় নিরাপত্তা রক্ষীদের গুলিতে অন্তত ১৭ কয়েদি নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনীর একটি প্রতিবেদন ও বিরোধীদলীয় এক আইন প্রণেতা এ তথ্য জানায়।

ভেনিজুয়েলার ন্যাশনাল গার্ডের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সশস্ত্র কয়েদিরা পর্তুগিজা রাজ্যের লজ লানজ কারাগারের মূল ফটক ভেঙে ফেলার চেষ্টা করে। এসময় গুলি চালায় সেনারা।

পরে দেশটির সেনা কর্মকর্তা মেগাফোনের মাধ্যমে বিদ্রোহী কয়েদিদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করে ও এরপর কয়েদিরাও হাল ছেড়ে দেয়। তবে কারাগারের ভেতর আরও মৃতদেহ থাকতে পারে বলে সেনাবাহিনী ধারণা করছে।

ভেনিজুয়েলার বিরোধীদলীয় সাংসদ মারিয়া মার্তিনেজ দাবি করেছেন, কারাদাঙ্গায় ৪০ জনেরও বেশি নিহত হয়েছে।

আরও পড়ুন: মোদিকে টুইটারে আনফলো করার কারণ জানালো হোয়াইট হাউজ

পর্তুগিজা রাজ্যের রাজধানী গুয়ানারের বাসিন্দা মার্তিনেজ বলেন, বন্দিদের জন্য আত্মীয়স্বজনের খাবার আনার রীতিতে কারা কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা দিলে লজ লানজে দাঙ্গা দেখা দেয়। রয়টার্স।


ইত্তেফাক/আরআই