পুলিত্জারজয়ী আলোকচিত্রীদের দলে পনির হোসেন

পুলিত্জার পুরস্কারকে বলা হয়ে থাকে আলোকচিত্রী সাংবাদিকদের অস্কার। প্রতিবছরই ২১টি ক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে বিশ্ববিখ্যাত এই পুরস্কার। তারই ধারাবাহিকতায় এবছর ফটোগ্রাফি ও আন্তর্জাতিক প্রতিবেদন ক্যাটাগরিতে পলিত্জার পুরস্কার অর্জন করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স, পুরস্কারজয়ী আলোকচিত্রগ্রাহকদের দলে ছিলেন বাংলাদেশি তরুণ আলোকচিত্রগ্রাহক মোহাম্মদ পনির হোসেন। এবারই প্রথম কোনো বাংলাদেশি হিসেবে পলিত্জার পুরস্কার অর্জন করে নেন পনির। চট্টগ্রামের খাজা আজমেরি হাইস্কুলের ছাত্র ছিলেন পনির। উচ্চমাধ্যমিক পড়েছেন ঢাকার সিটি কলেজে এবং পরবর্তীকালে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। এরপর ফিলিপাইনের এথেনিও ডি মেনিলা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেন ভিজ্যুয়াল জার্নালিজমের ওপর। ক্যালিফোর্নিয়ার জুমা প্রেসে কাজ করেছিলেন পনির। বর্তমানে তিনি কর্মরত আছেন রয়টার্সের ফটোসাংবাদিক হিসেবে। গতবছরের আগস্ট মাসে বাংলাদেশে পালিয়ে আসা মুসলিম রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশার চিত্র ক্যামেরাবন্দি করে বিশ্ববাসীর সামনে তুলে ধরে রয়টার্সের সাত সদস্যের ফটোগ্রাফি টিম। সেই দলেরই অন্যতম সদস্য ছিলেন মোহাম্মদ পনির হোসেন। মনোনীত ১৬টি ছবির মধ্যে ৩টি ছবিই ছিল পনিরের তোলা। ছবিগুলো তোলার সময় বেশ প্রতিকূল পরিবেশের সম্মুখীন হতে হয়েছিল পনিরকে। রোদ-বৃষ্টি-কাদা উপেক্ষা করে তুলতে হয়েছিল প্রতিটি ছবি। কিন্তু এসবের পাশাপাশি আরেকটি যে বিষয়ের সঙ্গে প্রতিটা মুহূর্তে সংগ্রাম করতে হয়েছিল, তা হলো আবেগ।

২০১০ সাল থেকে ছবি তুলছেন পনির। তখন ছবি তোলা ছিল কেবলমাত্র একটি শখ। কিন্তু ২০১৫ সালে রয়টার্সে যোগদানের পর থেকে তার শখ পরিণত হয় পেশায়। প্রথম বাংলাদেশি হিসেবে পুলিত্জার পুরস্কার অর্জন পনিরের জীবনের অন্যতম একটি প্রাপ্তি। এটি যেমন তার ভালো কাজের স্বীকৃতি, তেমনিভাবে আগামীর পথচলার জন্য অনেক বড় একটি অনুপ্রেরণা।