ইউরোপিয়ান রোভার চ্যালেঞ্জে ইআরসি’র সাফল্য

আন্তর্জাতিক অঙ্গনে রোভার চ্যালেঞ্জ প্রতিযোগিতাগুলোর অন্যতম ও বেশ বড় একটি প্লাটফর্মের নাম ‘ইউরোপিয়ান রোভার চ্যালেঞ্জ’, সংক্ষেপে ইআরসি। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে মঙ্গল গ্রহের বিভিন্ন গবেষণা কাজে রোভারের কর্মদক্ষতা বাড়ানোর লক্ষ্যেই আয়োজন করা হয়ে থাকে এই রোভার চ্যালেঞ্জ প্রতিযোগিতা। এবছর আয়োজিত ইউরোপিয়ান রোভার চ্যালেঞ্জ ২০১৮-তে আন্তর্জাতিকভাবে ১৪তম স্থান অর্জন করে নিল বাংলাদেশের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির একটি দল ‘আইইউটি অভিযাত্রিক’।

তারা তৈরি করেন একটি মার্স রোভার। রোভারটি নিয়ে তারা অংশগ্রহণ করেন এ বছরের প্রথম দিকে অনুষ্ঠিত ‘ইন্ডিয়ান রোভার চ্যালেঞ্জ ২০১৮’-তে। সেখানে কাঙ্ক্ষিত সফলতা লাভ করায় আত্মবিশ্বাস বেড়ে যায় দলের প্রতিটি সদস্যের। রোভারটিতে বেশকিছু সুবিধা সংযোজন করে তারা অংশগ্রহণ করেন ইউরোপিয়ান রোভার চ্যালেঞ্জ ২০১৮-এর মঞ্চে।

প্রতিযোগিতার ফাইনাল রাইন্ড অনুষ্ঠিত হয় পোল্যান্ডে। ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলে প্রতিযোগিতা। প্রাথমিকভাবে নির্বাচিত রোভারদের মধ্য থেকে বিভিন্ন ধাপে বিচার প্রক্রিয়া শেষে ফাইনাল রাউন্ডে ১৪তম স্থান অর্জন করে নেয় আইইউটি অভিযাত্রিকের উদ্ভাবিত এই রোভার।

রোভারটিতে ব্যবহার করা হয়েছে বেশ কিছু অত্যাধুনিক প্রযুক্তি যা তাকে অন্যদের থেকে আলাদা করবে খুব সহজেই। এ ছাড়া এতে যুক্ত রোবোটিক্স হ্যান্ডে ব্যবহার করা হয়েছে ‘সিক্স ডিগ্রি অব ফ্রিডম’, যা হাতটির সঞ্চালন ও কর্মদক্ষতাকে করে তুলেছে অনন্য। রোভারটি বিভিন্ন ধরনের প্রতিকূল পরিবেশে চলাচল করতে সক্ষম। শুধু তাই নয়, ভূ-পৃষ্ঠ থেকে ৩০ সেন্টিমিটার নিচের মাটিও সংগ্রহ করতে সক্ষম এই রোভার। আইইউটি অভিযাত্রিকের সদস্যদের অন্যতম হলেন হোসাইন মোহাম্মদ সিয়াম, মেহেদী হাসান মুকিত, সাখাওয়াত হোসাইন সাকিব, আব্দুল্লাহ আল মামুন, তাহমিদ বাখতিয়ার, যাহিন ই মুক্তাদি সাইদ, রেদওয়ান আহমেদ তানিম, আশরাফুল আলম মোহন ও মীর শাহরুখ ইসলাম।