ব্রেট লিকে ভয় পেতেন রোহিত

ক্যারিয়ারের একদম শুরুর দিকে ব্রেট লিকে খুব ভয় পেতেন ‘হিটম্যান’ খ্যাত ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা। আরো যোগ করলেন ডেল স্টেইন ও জশ হ্যাজেলউডের নাম।

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় ওপেনারের অভিষেক ২০০৭ সালে। ব্রেট লির ক্যারিয়ারে তখন উর্বর সময়। নিয়মিত ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করতে পারতেন অজি পেসার। রোহিত জানালেন, তখন ব্রেট লির মুখোমুখি হওয়ার আগের রাতে ঘুমাতে পারতেন না তিনি!

রোহিত বলেন, ‘একজন বোলার হলো (যাকে ভয় পেতেন) ব্রেট লি। কারণ, ২০০৭ সালে অস্ট্রেলিয়ায় আমার প্রথম সফরের আগের রাতে তার চিন্তায় ঘুমাতে পারিনি। আমি ভাবছিলাম, কীভাবে এই বোলারকে খেলব যে কিনা প্রতি ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বল করে।’ ২০০৭ সালে ব্রেট লি ফর্মের তুঙ্গে ছিলেন। আমি তাকে খুব কাছ থেকে দেখতাম এবং খেয়াল করেছিলাম তিনি তখন ধারাবাহিকভাবে ১৫০-১৫৫ কিলোমিটার গতিতে বল করতেন। ঐ সময় আমার মতো তরুণ ক্রিকেটারের ঘুম কেড়ে নিয়েছিল তার গতি।’

আরও পড়ুন: ‘গৃহসন্ধি আড্ডা’য় আজ চিত্রনায়ক ফারুক ও অনন্ত জলিল

দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন ও টেস্টে অস্ট্রেলিয়ার আরেক পেসার জস হ্যাজেলউডকেও খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন না বলে জানিয়েছেন। রোহিত বলেন, ‘যাদের বিপক্ষে কখনোই খেলতে চাইতাম না তাদের মধ্যে আর একজন হলেন ডেল স্টেইন। আমি কখনো স্টেইনের মুখোমুখি হতে চাইতাম না। কারণ, তার ছিল গতি ও সুইং, এই দুটি একসঙ্গে খেলা ছিল দুঃস্বপ্ন। এটা স্রেফ অবাস্তব।’

ইত্তেফাক/আরআই