করোনা সংকটে সারাদেশে ত্রাণ তৎপরতার অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণে ব্যাপক ত্রাণ তৎপরতা এবং স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করেছে যুবলীগ।
বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ করে যুবলীগের কেন্দ্রীয় নেতারা।
সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিলের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণের ৭২টি ওয়ার্ডে নেতাকর্মীদের মাধ্যমে অসহায় মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন। এ সময় মাইনুল হোসেন খাঁন নিখিল নিজে উপস্থিত থেকে এসব সামগ্রী নেতাকর্মীদের হাতে তুলে দেন।
যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার আয়োজনে বিভিন্ন ওয়ার্ডে ৮ হাজার পরিবারকে পর্যায়ক্রমে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। খাদ্য সামগ্রীর প্রতি ব্যাগে চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, বিস্কুট রয়েছে।
এ সম্পর্কে মাইনুল হোসেন খাঁন নিখিল বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমরা ঢাকাসহ সারা দেশের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। সারা বাংলাদেশে আমাদের সাংগঠনিক কমিটির নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।’
“আমরা করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের হাসপাতালে পৌঁছে দিতে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করেছি। আমাদের দেওয়া অ্যাম্বুলেন্স কর্মীসহ বেসরকারি অ্যাম্বুলেন্স কর্মীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, পিপিই, মাস্ক সরবরাহ করেছি। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নেতাকর্মীরা সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়াচ্ছে।”
ত্রাণ বিতরণের ক্ষেত্রে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের প্রশংসা করে তিনি বলেন, ‘সংগঠনের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও অনেকে ভালো কাজ করছে। সংগঠনের পক্ষ থেকে আজ ৭৫ টি ওয়ার্ডে তারা স্থানীয় নেতাদের কাছে খাদ্যদ্রব্য হস্তান্তর করা হয়েছে অসহায় মানুষের কাছে পৌঁছে দিতে। এটা অব্যাহত থাকবে।’
যুবলীগের পক্ষ থেকে প্রতিদিন রান্না করা খাবার বক্সে করে ইফতারের পূর্ব মুহূর্তে একেক দিন একেক এলাকায় ছিন্নমূল, খেটে খাওয়া মানুষের কাছে নেতাকর্মীরা গিয়ে পৌঁছে দিচ্ছে বলেও জানান যুবলীগ সাধারণ সম্পাদক।
ত্রাণ বিতরণের সময় যুবলীগের কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন খসরু, এন আই আহমেদ সৈকত, শামীম আল সাইফুল সোহাগ, মনিরুল ইসলাম হাওলাদার, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, উপ দপ্তর সম্পাদক খন্দকার আরিফ উজ্জামানসহ বিভিন্ন ওয়ার্ড যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/আরআই