ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ত্রিশ হাজার ছাড়িয়েছে। এরমধ্যে শনাক্তের প্রথম দিন থেকে ছয়দিনের মাথায় দেশটিতে প্রথম কোন নাগরিকের মৃত্যু হলেও পরবর্তী দেড় মাসের মাথায় মৃতের সংখ্যা ১০ হাজার অতিক্রম করে। এছাড়া গত একমাস দশদিনে যা বেড়ে পৌঁছেছে ৩০ হাজার ২০১ জনে। এসময় দেশটিতে প্রতিদিন গড়ে মৃত্যু হয়েছে ৫০৫ জন করোনা রোগীর।
এরমধ্যে সবচেয়ে বেশি রোগীর মৃত্যু হয়েছে মার্চের ২৭ তারিখ ৯১৯ জন। আর সর্বশেষ ৮ মে শুক্রবার মৃত্যু হয়েছে ২৪৩ জনের। এনিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ৩০ হাজার ২০১ জনে পৌঁছেছে।
এবিষয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান আঞ্জেলা বেরল্লি বলেন, শুক্রবার সারাদেশে সুস্থ হয়েছেন ২ হাজার ৭৪৭ জন করোনা রোগী। যা কিনা একদিন আগে ছিল ৩০৩১ জনে। এনিয়ে দেশটিতে সর্বমোট সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরেছেন ৯৯ হাজার ২৩ জন।
এছাড়া গত চব্বিশ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছে ১ হাজার ৩২৭ জন। যার সংখ্যা একদিন আগে ছিল সামান্য বেশি ১ হাজার ৪০১ জন।
এনিয়ে দেশটিতে সর্বমোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ২ লাখ ১৭ হাজার ১৮৫ জনে পৌঁছেছে। আর বর্তমানে এ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ৮৭ হাজার ৯৬১ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছে ১ হাজার ১৬৮ জন।
ইত্তেফাক/এসআর