করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) মো. আশিক হাসান শনিবার গনমাধ্যমকে এতথ্য জানিয়ে বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন এবং তাদেরকে নির্দেশনা প্রদান করে যাচ্ছেন।
তিনি বলেন, ইতোমধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে কয়েকটি টিম গঠন করা হয়েছে। এসব টিমের কর্মকর্তারা সার্বক্ষণিক করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের পাশে যাচ্ছেন এবং তাদের সঙ্গে কথা বলছেন। তাদের স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তৎপর রয়েছেন।
আরো পড়ুন : রাশিয়ায় একদিনে ১০ হাজারের বেশি করোনায় আক্রান্ত
এদিকে, শুক্রবার রাতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (সদরদপ্তর) শাহ মিজান শাফিউর রহমানের নেতৃত্বে একটি দল রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং করোনা চিকিৎসার জন্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বর্ধিতাংশ ডিএমপির ট্রাফিক ব্যারাকে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের চিকিৎসাধীন করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের দেখতে যান।
আজ পুলিশের এক সংবাদ বিঞ্জপ্তিতে বলা হয়, পুলিশ সদরদপ্তর, ডিএমপি, বিশেষ শাখা, সিআইডি, এপিবিএন, পুলিশ স্টাফ কলেজ, এটিইউ, টিএন্ডআইএমসহ নারায়ণগঞ্জ, নরসিংদী, পাবনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহে এখন পর্যন্ত প্রায় ১৫০০ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন, যার অর্ধেকই ডিএমপিতে কর্মরত।বাসস
ইত্তেফাক/ইউবি