সাবেক রেলপথমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুজিবুল হক বলেছেন, আতঙ্ক নয়- সচেতনতার মাধ্যমে করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণ করা সম্ভব। করোনা সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে আল্লাহর উপর ভরসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জরুরী ভিত্তিতে ৫ হাজার নার্স ও ২ হাজার চিকিৎসক নিয়োগ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন- এ অন্ধকার দীর্ঘস্থায়ী নয়, অতি দ্রুত দেশবাসী আলোর মুখ দেখবে ইনশাল্লাহ।
মুজিবুল হক সোমবার (১১ মে) প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও তার নিজস্ব তহবিল থেকে চৌদ্দগ্রাম উপজেলার মটর শ্রমিক, সিএনজি চালক, রিকশা-ভ্যান ও ঠেলাগাড়ি চালকসহ বিভিন্ন পেশার কর্মহীন ৩ হাজার ৮৬২টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আসন্ন ঈদে নতুন কাপড় না কিনে নিজ এলাকার অসহায় দরিদ্র ও অভাবী মানুষের পাশে দাঁড়ান। তিনি আরও বলেন, সকল পরিবারকে বিনা মূল্যে বীজ দেওয়া হবে। উপজেলা কৃষি বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ তদারকি করে তা বাস্তবায়ন করবেন। তবে এলাকার বাসিন্দাদের বাড়ির পাশের কোনো জমি যেন অনাবাদী না থাকে সেদিকে সকলকে নজর দিতে হবে।
চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুজিবুল হকের সহধর্মিণী অ্যাডভোকেট হনুফা আক্তার রিক্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান, পৌর মেয়র মো. মিজানুর রহমান, কুমিল্লা জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, ইউপি চেয়ারম্যান শাহ জালাল মজুমদার প্রমুখ।
আরও পড়ুন: অনলাইন ক্লাসে যাচ্ছে না ঢাবি
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, মটর শ্রমিক, রিকশা, ভ্যান ও সিএনজি চালকসহ মোট ২১৩০ জন শ্রমিক এবং বিভিন্ন পেশার কর্মহীন ১৭৩২টি হতদরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৩৮.৬২ মেট্রিক টন চাল এবং ৫ লাখ ৭ হাজার ২০০ টাকা মূল্যের ডাল, তৈল ও আলু রয়েছে।
ইত্তেফাক/আরআই