হোমনায় স্বাস্থ্যবিধি না মানায় ৩১ মে পর্যন্ত শপিংমল বন্ধ

কুমিল্লা জেলার হোমনা উপজেলায় স্বাস্থ্যবিধি না মানায় করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে আগামীকাল (মঙ্গলবার) ১২ মে থেকে ৩১ মে পর্যন্ত উপজেলাটিতে শপিংমলগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা এ আদেশ জারি করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা বলেন, গত ১০ মে থেকে সরকারি নির্দেশনা মোতাবেক শর্ত সাপেক্ষে উপজেলার শপিংমলগুলো খুলে দেয়া হয়। এ প্রেক্ষিতে বাজারের ব্যবসায়ীরা দোকান পাট খুলেছেন। শপিংমল খোলার প্রথম দিনেই বাজার পরিদর্শনে গিয়ে দেখি ক্রেতা- বিক্রেতারা কেহই সরকারি নির্দেশনা মানছে না। পরে ঐ দিন বাজারে ঘুরে ঘুরে ক্রেতা-বিক্রেতাদেরকে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটার তাগিদ দেয়া হয়। 

তিনি বলেন, এরপর আজ সোমবার আবার বাজার পরিদর্শনে গিয়ে দেখা যায় ক্রেতা-বিক্রেতারা কেউ স্বাস্থ্য বিধি মানছেন না। চলছে তাদের ইচ্ছেমত বেচাকেনা। তাই উপজেলা বাসীকে করোনা ভাইরাসের ঝুঁকি থেকে রক্ষা করতে আগামী ১২ মে থেকে ৩১ মে পর্যন্ত শপিংমল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এ সময়ের মধ্যে ওষুধ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ছাড়া উপজেলায় সব ধরনের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে জনস্বার্থে দোকান বন্ধ রাখার সময়োপযোগী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে উপজেলার সচেতন মানুষ। এ সিদ্ধান্ত নেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশাসনকে ধন্যবাদ জানান অনেকেই। 

এবিষয়ে হোমনা পৌরসভার মেয়র অ্যাড. মো.নজরুল ইসলাম বলেন, বাজারে ক্রেতা-বিক্রেতারা স্বাস্থ্যবিধি না মেনে যেভাবে ক্রয় বিক্রয় করছে তাতে শপিংমল বন্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই।

আরও পড়ুন: সিলেট ওসমানী হাসপাতালের ল্যাবে নমুনার স্তূপ

হোমনা বাজার কমিটির সভাপতি দেলোয়ার হোসেন সুবল বলেন, করোনা ঝুঁকি এড়াতে প্রশাসনের এ সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।

ইত্তেফাক/আরআই