রাজধানীর মিরপুর এলাকায় পৃথক দুইস্থানে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্রায় ৬ শ পোশাক শ্রমিক। এসময় যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন পথচারীরা। তবে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের কোন অপৃতিকর ঘটনা ঘটেনি। পুলিশ পোশাক শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে হটিয়ে দেয়।
বিক্ষুব্ধ পোশাক শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১১ টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্বরের পোশাক শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। প্রায় আড়াই ঘণ্টা তারা অবরোধ করে থাকে। এতে চারপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তারা দুপুর ২ টার দিকে বেতন পাওয়ার আশ্বাসে সেখান থেকে অবরোধ তুলে চলে যায়। এছাড়াও শাহআলী এলাকায়ও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।
আরও পড়ুনঃ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২২ পুলিশ, সুস্থ হয়েছেন ১৩৩ জন
এ বিষয়ে পুলিশের মিরপুর জোনের সহকারী কমিশনার খাইরুল আলম জানান, সকালে মিরপুর গোলচত্বর শাহআলী এলাকায় পোশাক শ্রমিকেরা অবরোধ করে। গার্মেন্টস বন্ধের পর মালিকপক্ষ ৬০ শতাংশ বেতন দিতে রাজি হয়েছিলেন। কিন্তু শ্রমিকরা শতভাগ বেতন ও বোনাসেরও দাবি করছেন। এ দাবি নিয়ে তারা সড়ক অবরোধ করেছিল। পরে আমরা মালিক পক্ষের সঙ্গে কথা বলি এবং পরে শ্রমিকদের বেতন পাওয়ার আশ্বাসে বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়ক অবরোধ তুলে নিয়ে চলে যায়। পরে যানচলাচলের জন্য সড়ক উমুক্ত করে দেয়া হয়।
ইত্তেফাক/এমএএম