নিয়ম না মানায় বঙ্গবাজার মার্কেট বন্ধ করল পুলিশ

স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় রাজধানীর বঙ্গবাজার মার্কেট ও ধানমন্ডির দুটি ফ্যাশন আউটলেট বন্ধ করে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুরের দিকে গুলিস্তানে বঙ্গবাজার মার্কেটটি বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে সকালে রাজধানীর ধানমন্ডির অরণ্য ও ভিআইভিই নামে দুটি ফ্যাশন হাউজের আউটলেট বন্ধ করে দেওয়া হয়েছে।  

রমনা বিভাগের পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পদোন্নতিতে ডিসি) এইচ এম আজিমুল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান,  স্বাস্থ্যবিধি না মানায় বঙ্গবাজার মার্কেট বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খুললে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বঙ্গবাজার মার্কেটে স্বাস্থ্যবিধি মানার মতো পরিস্থিতি নেই। সেখানে সরুপথ। সকালে পরিস্থিতি অবজার্ভের পর সেটি বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার ধানমণ্ডিতে অরণ্য ও ভিআইভিই নামে দুটি ফ্যাশন হাউজ বন্ধ করে দেওয়া হয় বলে জানান রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার আব্দুল্লাহিল কাফি। তাদের দোকানে পর্যাপ্ত পরিমাণ স্বাস্থ্য সুরক্ষা না থাকায় তা বন্ধ করে দেওয়া হয়।

ইত্তেফাক/জেডএইচ