খিলগাঁওয়ে ঠিকাদার হত্যার প্রধান আসামি গ্রেফতার

রাজধানীর খিলগাঁওয়ে চাঞ্চল্যকর ঠিকাদার আবুল বাসার হত্যা মামলার প্রধান আসামি শফিককে গ্রেফতার করেছে র‌্যাব। তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত রক্তমাখা রামদা উদ্ধার করা হয়েছে। 

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার সহকারী পরিচালক সুজয় সরকার বলেন,  র‌্যাব-৩ এর একটি টিম বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকা থেকে শফিকুল ইসলামকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্য মতে হত্যায় ব্যবহৃত রামদা উদ্ধার করে। উদ্ধার করা রামদায় নিহতের রক্তের দাগ ছিল। 

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, বুধবার দিবাগত রাতে আবুল বাশার তালুকদারকে দক্ষিণ গোড়ানের মাদানী ঝিলপাড় এলাকায় কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ভাই উজ্জ্বল তালুকদার বাদি হয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

আরো পড়ুন : স্বার্থান্বেষী মহল সরকারের বিরুদ্ধে তথ্য লুকোচুরির কাল্পনিক অপপ্রচার চালাচ্ছে : কাদের

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিক হত্যার কথা স্বীকার করেছেন। র‌্যাবের কাছে তিনি বলেন, ‘খিলগাঁও এবং রামপুরা এলাকায় অবৈধ ইট, বালুর ব্যবসা এবং মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ওই এলাকার বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের মধ্যে দ্বন্দ্ব ছিল। নিহত আবুল বাশার তালুকদার খিলগাঁও ও রামপুরা থানা এলাকায় ইট ও বালু সরবরাহের ঠিকাদারি করতেন। ইট, বালুর ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সাইফুল গ্রুপের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন আবুল বাশার গ্রুপ। এরই প্রেক্ষিত এ হত্যাকাণ্ড ঘটে ।’


ইত্তেফাক/ইউবি