বিশ্ব অর্থনীতির টু কি টাকি

লকডাউনে চাহিদা বেড়েছে বাইসাইকেলের

বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাস ঠেকাতে লকডাউন চলছে। এ অবস্থায় চলাচলের বাহন হিসেবে বাইসাইকেলের চাহিদা বেড়েছে ব্যাপকভাবে। ব্রিটেনের বৃহত্তম সাইকেল রিটেইলার হ্যালফোড বলছে, লকডাউন শুরু হওয়ার পরে সাইকেল বিক্রি স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ হয়েছে। এদিকে অস্ট্রেলিয়ায় সাইকেল যেন ‘টয়লেট পেপারের’ মতো কাঙ্ক্ষিত পণ্যে পরিণত হয়েছে। চাহিদার সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন সেখানকার খুচরা ব্যবসায়ীরা।

জাপানের সঙ্গে মুক্ত বাণিজ্য করবে যুক্তরাজ্য

জাপানের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরুর পরিকল্পনা করছে যুক্তরাজ্য। কয়েক দশক ধরে বাণিজ্যনীতির জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর নির্ভর করার পর এখন বিশ্বের বিভিন্ন প্রান্তের নানা দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে ব্রিটেন। এক মাস আগে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা শুরু করেছে ইইউ থেকে বেরিয়ে আসা দেশটি। জাপানের সঙ্গে সম্ভাব্য এফটিএ কার্যকর হলে দুই দেশের মধ্যে বৈদেশিক বাণিজ্য ১ হাজার ৫২০ কোটি পাউন্ড বাড়বে এবং শুল্কমুক্ত বাণিজ্যে প্রতি বছর ব্রিটিশ রফতানিকারকদের ৩ কোটি ৩০ লাখ পাউন্ড বাঁচবে।          —নাঈমা সুলতানা