বিপিএল নিয়ে বিসিবিকে রোহিতের পরামর্শ

ভারতের ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট আইপিএলের জনপ্রিয়তা বিশ্বব্যাপী। বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট এটি। দেখতে দেখতে সাতটি আসর পার হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। অর্থ-মানে ঐ পর্যায়ে যেতে পারেনি বিপিএল। তবে বিপিএলের দর্শক চাহিদা বাড়াতে বিসিবিকে কিছু পরামর্শ দিয়েছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা।

গত শুক্রবার রাতে তামিম ইকবালের সঙ্গে ফেসবুক লাইভে আলাপকালে ওয়ানডেতে তিনটি ডাবল সেঞ্চুরির মালিক বলেছেন, দর্শকপ্রিয়তা বাড়াতে আইকন ক্রিকেটারদের একটি দলে টানা কয়েক বছর খেলা উচিত। তাতে দলটির আলাদা সমর্থকগোষ্ঠী তৈরি হবে। তারকা ক্রিকেটারদের দল প্রতি বছর পরিবর্তন হলে সমর্থকগোষ্ঠী তৈরি হয় না।

বিপিএলে বাংলাদেশের আইকন ক্রিকেটাররা সাধারণত এক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে সুযোগ পান না। মাহমুদউল্লাহ রিয়াদ খুলনা টাইটান্সে তিন আসর, মাশরাফি বিন মুর্তজা কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্সে টানা দুই আসর করে, তামিম কুমিল্লা ভিক্টোরিয়ান্সে টানা দুই আসর খেলেছেন। কিন্তু দলটি গড়ে ওঠা এবং সমর্থকগোষ্ঠী তৈরিতে তারকাদের লম্বা সময় এক দলে খেলতে হবে।

আরও পড়ুনঃ করোনা সন্দেহে ছেলেকে খুন করলো এক ফুটবলার

যেমনটা হয়ে আসছে আইপিএলে। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন ২০১১ সাল থেকে। কাইরেন পোলার্ডের মতো মূল ক্রিকেটারদেরও বছরের পর বছর ধরে রাখছে আইপিএলের দলগুলো। রোহিত মনে করেন, এভাবেই একটা দলের জন্য ভক্তদের ভালোবাসা বৃদ্ধি পায়। বিসিবিকেও একই পথে হাঁটার পরামর্শ দিয়েছেন এই ভারতীয়।

রোহিত বলেন, ‘বাংলাদেশে ক্রিকেটের ব্যাপারে সবাই অনেক আবেগপ্রবণ। এমনটা বাংলাদেশ ছাড়া আর কোথাও দেখিনি যেটা সত্যি। আমার মনে হয় এই উত্সাহটা যদি দর্শকদের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, দুই-তিন জন খেলোয়াড় যদি নির্দিষ্ট একটি ফ্রাঞ্চাইজির হয়ে খেলেন কয়েক বছর, তাহলে সমর্থকগোষ্ঠী বৃদ্ধি পাবে। দর্শকও একটা দলকে সেভাবেই সাপোর্ট করবে। ধরো তুমিসহ আরো কয়েক জন ঢাকার হয়ে অনেক বছর খেললে। আমার মনে হয় বিসিবির এমন কিছু করা উচিত।’

তিনি আরো বলেন, ‘দুই-তিন জন মূল খেলোয়াড়কে এক দলে অনেক বছর রাখা, না হলে দর্শকদের উত্সাহ হারিয়ে যাবে। আমাদের কাছেও ভক্তদের গুরুত্ব অনেক বেশি। তুমি তাদের খেয়াল না রাখলে তারাও তোমার খেয়াল করবে না।’

‘শুধু বাংলাদেশেই আমাদের দর্শক থাকে না’

ক্রিকেট খেলুড়ে দেশগুলোর প্রায় সব জায়গায় ভারতীয় নাগরিকেরা ছড়িয়ে আছেন। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সর্বত্রই সমর্থকদের হর্ষধ্বনি উজ্জীবিত করে ভারতীয় দলকে। শুধু বাংলাদেশেই চরম বৈরী গ্যালারির মুখোমুখি হন বলে জানিয়েছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। কারণ বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা সমস্বরে টাইগারদের জন্য গলা ফাটান। গত শুক্রবার রাতে তামিমের সঙ্গে লাইভে বাংলাদেশের দর্শকদের সম্পর্কে রোহিত বলেছেন, ‘অনেক দেশেই খেলেছি, অনেক মাঠেই খেলেছি, যেখানে আমাদের সমর্থকের অভাব হয়নি। গ্যালারি ভর্তি থাকে আমাদের সমর্থকে। তবে শুধু বাংলাদেশে খেলতে গিয়েই এমনটা দেখতে পাইনি।’

ইত্তেফাক/ এমএএম