হাতিয়ায় অস্ত্র গোলাবারুদসহ ৫ ডাকাতকে আটক

নোয়াখালীর হাতিয়ায় অস্ত্র গোলাবারুদসহ ৫ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। ডাকাতদের কাছ থেকে ৯ জেলেকে উদ্ধার করা হয়েছে। এ সময় আটককৃতদের কাছ থেকে ১টি একনলা বন্দুক, ১টি একনলা ওয়ান শ্যুটার, ২ রাউন্ড গুলি এবং ৩টি রামদা জব্দ করা হয়।

আটককৃত ডাকাত সদস্যরা হল- পারভেজ (২৭), হারুন (৩৫),  বেলাল হোসেন (৩২), হাসান (৩৭) ও হোসেন (২৬)।

ঢাকায় কোস্টগার্ড সদরদপ্তর থেকে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যায় কোস্ট গার্ড দক্ষিন জোনের হাতিয়া স্টেশন ঘাসিয়ার চর (তেলার চর) এলাকায় অভিযান চালিয়ে ডাকাত হুমায়ুন ও কামাল বাহিনীর ৫ সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করে। এ সময় অপহৃত ৯ জেলেকে উদ্ধার করে কোস্ট গার্ড। আটককৃত ডাকাতদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত জেলেদের নিজ নিজ আবাসস্থলে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়।

ইত্তেফাক/বিএএফ