করোনা ভাইরাস প্রতিরোধে জনসেবা দিতে গিয়ে জীবন উৎসর্গ করলেন পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) মজিবুর রহমান তালুকদার (৫৬)। তিনি স্পেশাল ব্রাঞ্চের সিটি এসবি পল্টন জোন-১ এ কর্মরত ছিলেন।
করোনা ভাইরাস পজিটিভ হওয়ায় গত ১১ মে তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরে অবস্থার আরো অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি সোমবার সকালে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ইন্তেকাল করেন।
তার স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার তারাকান্দি গ্রামে। বর্তমানে তিনি বগুড়া জেলার শাজাহানপুর থানার সাখ পাড়া গ্রামে বসবাস করেন। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আরও পড়ুন: অদিতি আইনগতভাবে স্ত্রী না থাকলেও সে আমার সন্তানের মা:অপূর্ব
পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ বগুড়া পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী মরদেহ দাফন করা হয়। উল্লেখ্য, এ নিয়ে বাংলাদেশ পুলিশের ৯ সদস্য করোনা যুদ্ধে আত্মোত্সর্গ করলেন।
ইত্তেফাক/আরআই