শরণখোলায় ঝড়ের কোন আলামত নেই

ঘূর্ণিঝড় আম্ফানের কারণে পায়রা ও মোংলা বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত জারী করা হলেও শরণখোলা এলাকায় ঝড়ের কোন আলামত দেখা যাচ্ছেনা। আকাশ মেঘলা রয়েছে, রোদও আছে।

পূর্ব সুন্দরবনের জেলে পল্লী দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার অসিত কুমার রায় সকাল ১০ টার দিকে মোবাইল ফোনে জানান, দুবলারচর অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার এবং সাগর শান্ত রয়েছে। ঝড়ের কোন আলামত তিনি দেখছেন না বলে জানান। শ্যালারচর থেকে মৎস্যজীবী গিয়াস উদ্দিনও একই ধরণের খবর জানিয়ে বলেন আকাশের অবস্থা ভাল এবং সেখানে কোন ঝড়ের আলামত নেই। দুপুর পৌনে বারোটায় এ রিপোর্ট লেখার সময় শরণখোলার আকাশ রোদেলা ও মেঘাচ্ছন্ন রয়েছে। জনজীবন স্বাভাবিক আছে।

শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন বলেন, শরণখোলা উপজেলা প্রশাসন ঘূর্ণিঝড় আম্ফানের ক্ষয়ক্ষতি  এড়াতে মানুষকে সাইক্লোন শেল্টারে নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এলাকায় মাইকিং করে জনগণকে সতর্ক করা হচ্ছে।

ইত্তেফাক/আরএ