দেশে দারিদ্র বিমোচন, সমাজ উন্নয়নসহ যেকোন দুর্যোগময় ও প্রতিকুল পরিস্থিতি মোকাবিলায় ব্যবসায়ী সমাজ উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। ব্যবসায়ীদের সামাজিক দায়বদ্ধতা তহবিলের সঠিক ব্যবহার সরকারি কার্যক্রমের পাশাপাশি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে। ভোলার চরফ্যাশন উপজেলাধীন চর কুকরী মুকরী ইউনিয়নের চর পাতিলা ও শাহবাজপুর গ্রামের করোনায় ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানে বক্তাগণ এই অভিমত ব্যক্ত করেন।
চর ফ্যাশন উপজেলার নির্বাহী অফিসার মোঃ: রুহুল আমিন, চর কুকরী মুকরী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ: আবুল হাসেম মহাজন এবং উন্নয়ন ধারা ট্রাস্টের পরিচালক মনির আহমেদ শুভ্র-এর উপস্থিতিতে শরীফপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, চর পাতিলা স্বাস্থ্যসেবা ও নারী উন্নয়ন কেন্দ্রের সকল সদস্য এবং শাহবাজপুর গ্রামের ১০০টি প্রান্তিক পরিবারসহ মোট ৫১০ পরিবারের মাঝে দুই হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়।
দেশে বিদ্যমান করোনা সংক্রমণের প্রভাবে অন্যান্য এলাকার মতোই ক্ষতিগ্রস্ত চর কুকরীর মুকরীর এই গ্রাম দু’টি। এ পরিস্থিতিতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) তার সামাজিক দায়বদ্ধতা তহবিলের আওতায় এমআরডিআই-এর অংশীদারিতে এই কার্যক্রম গ্রহণ করে।
এ উপলক্ষে এমটিবির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান একটি বার্তায় বলেন, উন্নয়ন কার্যক্রমকে ব্যবসায়ীর সামাজিক দায়বদ্ধতা উদ্যোগের মাধ্যমে টেকসই করাই আমাদের লক্ষ্য। করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত। আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমআরডিআই-এর নির্বাহী পরিচালক হাসিবুব রহমান তাঁর বার্তায় বলেন, ব্যবসায়ীর সামাজিক দায়বদ্ধতা তহবিলের সমন্বিত ব্যবহার করোনা দুর্যোগ মোকাবিলায় বিশেষ অবদান রাখতে পারে, যা সরকারের কার্যক্রমের সম্পূরক ও পরিপূরক হিসাবে ভূমিকা রাখবে। এ বিষয়ে তিনি ব্যবসায়ী নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।
নগদ অর্থ বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ: রুহুল আমিন বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারি কার্যক্রমের পাশাপাশি ব্যবসায়ীদের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম সহায়ক ভূমিকা রেখে চলেছে যার একটি উজ্জ্বল দৃষ্টান্ত এমটিবির এই উদ্যোগ।
মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন, বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থিত চর পাতিলা গ্রামের জনগণ উন্নয়নের যাবতীয় সুযোগ এবং সেবা থেকে বঞ্চিত। গ্রামের অর্ধেক মানুষ ভূমিহীন, ৬০ শতাংশের বেশি অতি দরিদ্র, শতকরা ৮০ জন নিরক্ষর এবং ৬০ ভাগের বেশি পেশায় মৎস্যজীবী। প্রায় এক দশক ধরে প্রত্যন্ত এই গ্রামের মানুষের উন্নয়নে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় এমআরডিআই উন্নয়ন ধারা ট্রাস্টের সহযোগিতায় নানা উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।
ইত্তেফাক/এসআই