করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও বিস্তার প্রতিরোধে লক্ষ্মীপুরের রামগতি থানার প্রবেশ মুখে জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে। থানায় সেবা নিতে যাওয়া সর্বসাধারণকে জীবাণুনাশক টানেল এর ভিতর দিয়ে জীবাণুমুক্ত হয়ে থানায় প্রবেশ করার জন্য এ টানেল স্থাপন করা হয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান শুক্রবার সকালে জানান, লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামানের (পিপিএম-সেবা) নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে রামগতি থানা পুলিশের উদ্যোগে থানার প্রবেশ মুখে এই জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে। এর ফলে বাইরে থেকে থানায় আশা সেবাগ্রহণকারী ব্যক্তিরা টানেলের মধ্যে প্রবেশ করলেই শরীরে জীবাণুনাশক স্প্রে হবে। স্প্রেতে মানুষের শরীরে লেগে থাকা জীবাণু নষ্ট করা সম্ভব হবে। এতে করোনাসহ অন্যান্য রোগজীবাণু থানায় প্রবেশ করতে পারবে না।
রামগতি থানায় প্রবেশ মুখে স্থাপন করা এই জীবাণুনাশক টানেল উদ্বোধন করেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মারুফা নাজনীন। এসময় রামগতি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরীসহ থানার সকল কর্মকর্তা ও পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। জেলার আরও চারটি থানায় এ ধরণের টানেল স্থাপন করা হয়েছে বলে তিনি জানান।
ইত্তেফাক/এমআর