করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ২ জুন থেকে সীমিত আকারে খুলছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি নির্দেশনা প্রতিপালনের জন্য ২ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম ফ্যাকাল্টি, বিভাগ এবং দপ্তর প্রধানের তত্ত্বাবধানে সীমিত আকারে পরিচালিত হবে। এজন্য ফ্যাকাল্টি, বিভাগ এবং দপ্তর প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ক্লাস, পরীক্ষা এবং শিক্ষার্থীদের আবাসিক হলসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে সরকারের স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়।
আরও পড়ুন: মাঝরাতে বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
প্রসঙ্গত, করোনা ভাইরাসের কারণে গত ১৮ মার্চের মধ্যে বিশ্ববিদ্যালয়টির সকল কার্যক্রম বন্ধ করে শিক্ষার্থীদের হল ত্যাগের নোটিশ দেওয়া হয়েছিলো। পরে সরকারি সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে দফায় দফায় এ ছুটি বৃদ্ধি করে ১ জুন পর্যন্ত বর্ধিত করা হয়।
ইত্তেফাক/এসি