শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রতি জনগণের আস্থা প্রতিফলিত হয়েছে।
মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন শিল্পমন্ত্রী। এ সময় ভারপ্রাপ্ত শিল্পসচিব মো. আবদুল হালিমসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত দশ বছরে দেশে সামাজিক নিরাপত্তা, যোগাযোগ অবকাঠামো, শিল্পায়ন, গ্রামীণ জনপদের উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসাসহ সকলখাতে যে অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছে, জনগণ ব্যালট যুদ্ধের মাধ্যমে এর প্রতি মূল্যবান রায় প্রদান করেছেন। উন্নয়নের চলমান ধারা অব্যাহত রেখে দেশের গ্রামাঞ্চলে ও শহরের সুবিধা পৌঁছে দেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত শিল্পসচিব মো. আবদুল হালিম শিল্পমন্ত্রীর নেতৃত্বে দেশের শিল্পখাতের উন্নয়নের প্রশংসা করেন। তিনি বলেন, তার যোগ্য নেতৃত্বে বাংলাদেশের শিল্পখাতে ইতোমধ্যে ব্যাপক অগ্রগতি অর্জিত হয়েছে। এ ধারা অব্যাহত রেখে ২০২১ সালের মধ্যেই বাংলাদেশ শিল্পসমৃদ্ধ মধ্যম আয়ের এবং ২০৪১ সালের আগেই উন্নত দেশে পরিণত হবে। তিনি বর্তমান সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন: আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রীর
ইত্তেফাক/এমআই