রূপগঞ্জে পিকআপ ভ্যান চালককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পিকআপ ভ্যান চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে ঢাকা বাইপাস সড়কের জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কুশাবো এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত পিকআপ ভ্যান চালকের নাম আশিকুর রহমান (৩৫)। তিনি রূপগঞ্জের ভূলতা ইউনিয়নের আউখাবো এলাকার এ-ওয়ান পোলার নামের এক পোশাক কারখানার পিকআপ ভ্যান চালক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি গাইবান্ধা জেলার সাহাঘাট এলাকার কাঠুর গ্রামে। তার বাবার নাম আব্দুল বারী।

পুলিশ জানায়, পিকআপ ভ্যানে করে আশিকুর রহমান প্রতিদিনের ন্যায় পোশাক কারখানার মালামাল নিয়ে গাজীপুরের দিকে যাচ্ছিলেন। কুশাবো এলাকায় পৌঁছলে ওত পেতে থাকা দুর্বৃত্তরা গাড়ির গতিরোধ করে মালামালসহ পিকআপ ভ্যানটি ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় বাধা দিলে ছিনতাইকারীরা ভ্যান চালককে কুপিয়ে জঘম করে। পরে টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে স্থানীয় ইউএস বাংলা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: শরণখোলা আদুরী এখন যুবক সানি

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, আশিকুর রহমানের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। তবে ছিনতাইয়ের ঘটনা নাকি পূর্ব শত্রুতায় আশিকুর রহমানকে হত্যা করা হয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে।

ইত্তেফাক/এসি