আওয়ামী লীগের বিয়ন্ড দ্য প্যানডেমিকের পঞ্চম পর্ব শনিবার 

করোনা সংকট নিয়ে বিশেষ অনলাইন আলোচনা অনুষ্ঠান ‘বিয়ন্ড দ্যা প্যানডেমিক’ এর পঞ্চম পর্ব অনুষ্ঠিত হবে ৬ জুন শনিবার রাত সাড়ে ৮টায়। 

বরাবরের মতোই পর্বটি সরাসরি প্রচারিত হবে বাংলাদেশ আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজ এবং অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

একই সাথে বিজয় টিভি ও সমকাল, ইত্তেফাক ও বিডি নিউজের ফেসবুক পেজে প্রচার হবে। 

এবারের পর্বের আলোচ্য বিষয় ‘করোনা সংকটে স্বাস্থ্যসেবা’। যেখানে বক্তারা কোভিডের সংকট মোকাবেলায় বাংলাদেশের স্বাস্থ্যখাতের সক্ষমতা, করোনা চিকিৎসা এবং প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করবেন। এছাড়াও এই সংকটকালে সবার আস্থার জায়গা হয়ে ওঠা টেলিমেডিসিন সেবা নিয়েও আলোচনা করা হবে। 

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদের সঞ্চালনায় এতে আলোচক হিসেবে থাকছেন- আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আ ফ ম রুহুল হক এমপি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. জাহিদ মালেক, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) হাবিবুর রহমান খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. আশ্রাফুল হক সিয়াম। 

ফেসবুক কমেন্টের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি তাদের প্রশ্নগুলো আলোচকদের কাছে তুলে ধরতে পারবেন। করোনা পরিস্থিতিতে সরকার ও আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে তাদের ভাবনা ও প্রত্যাশা সরাসরি জানানোর সুযোগ সৃষ্টির জন্যই ‘বিয়ন্ড দ্যা প্যানডেমিক’ নামে আলোচনা অনুষ্ঠান নিয়মিত আয়োজন করা হচ্ছে।

এর আগে, বিয়ন্ড দ্যা প্যান্ডেমিকের চারটি পর্ব অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ পর্বটি প্রচারিত হয়েছে ২ জুন। সেই পর্বে বক্তারা করোনা মোকাবেলায় সংসদ সদস্যসহ সকল জনপ্রতিনিধির ভূমিকা নিয়ে আলোচনা করেন।

প্রথম পর্ব সম্প্রচারিত হয় ১৫ মে, যার বিষয়বস্তু ছিল ‘করোনাভাইরাস মহামারি মোকাবেলায় জনসচেতনতা’। মহামারি করোনা মোকাবিলায় দেশে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আওয়ামী লীগের ঘোষিত 'ডিজিটাল বাংলাদেশ' ক্যাম্পেইন- নিয়ে এ পর্বে আলোচনা করা হয়। 

দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় ১৯ মে। এই পর্বের আলোচ্য বিষয় ছিল ‘করোনা ভাইরাস সংকটে মানবিক সহায়তা'। করোনা ভাইরাস সঙ্কট মোকাবেলায় সরকার ও আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং সঙ্কট পরবর্তী পরিস্থিতিতে সমাজ ও রাষ্ট্রের সকল পর্যায়ের করনীয় বিষয়ে আলোচনা হয়। 

এ পর্বে ভিডিও বার্তায় যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তৃতীয় পর্ব প্রচারিত হয় হয় ৩০ মে, যেখানে বক্তারা লকডাউন তুলে দেওয়ার কারণ ও প্রভাব নিয়ে আলোচনা করেন।

ইত্তেফাক/জেডএইচ