পুরান ঢাকায় কেমিকেল গোডাউনে আবার আগুন, দগ্ধ ২ 

পুরান ঢাকার রায়সাহেব বাজারে কেমিকেল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকালে ৪৯, লালচাঁন মুকিম লেনের তিন তলা বাড়ির কেমিকেল গোডাউনে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই রকি (২৮) সহ দুই জন দগ্ধ হন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক অ্যান্ড বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল সিকদার বলেন, তিন তলা বাড়ির নীচ তলায় নিকেল তৈরির কেমিকেলের গোডাউন। দোতালায় রাবার তৈরির কেমিকেল ও নাট-বল্টুর গোডাউন। সকাল ৭ টায় নিচ তলায় নিকেলের গোডাউনে আগুন ধরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর সাড়ে ৮ টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে নিচ তলা ও দোতালার গোডাউনের কেমিকেল পুড়ে যায়। 

ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুনের কারণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।