ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে রবিবার ( ৭ জুন) বছরব্যাপি সমন্বিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সময় তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশা নিধনে কোনো ধরনের অনিয়ম হলে সরাসরি আমাকে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে একযোগে এই মশক নিয়ন্ত্রণ কাজ চলবে বলেও জানান তিনি।
এডিস মশা নিধনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে সকাল ৯টি থেকে দুপুর ১টা পর্যন্ত ও আড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন কার্যক্রম অব্যাহত থাকার ঘোষণা দিয়ে নগরবাসির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন মেয়র শেখ ফজলে নূর তাপস।
প্রতিটি ওয়ার্ডে ২১ জন মশক নিধনকারি এ কাজে নিয়োজিত থাকবেন। এডিস নিধনে সিটি করপোরেশন পরিকল্পনা করেছে এ কথা জানিয়ে মেয়র তাপস বলেন, বছরব্যাপী ঢাকা দক্ষিণকে মশামুক্ত করার লক্ষ্যে কর্মপরিকল্পনা ঢেলে সাজানো হয়েছে।
তাপস আরও বলেন, এলাকাবাসীকে বলছি, যদি কোথাও এডিস মশা বা লার্ভার দ্বারা আপনারা ক্ষতিগ্রস্ত হন আমাদের যোগাযোগের ব্যবস্থা রয়েছে সেখানে যোগাযোগ করবেন। এখানে স্বাস্থ্য কর্মকর্তার নেতৃত্বে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম চলবে। তাকে সরাসরি জানাতে পারেন। তারপর কাউন্সিলরকে জানাতে পারেন। তারপরও যদি সেটার সুরাহা না হয় আমাকে সরাসরি জানাতে পারেন। আমি আপনাদের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত আছি।
ইত্তেফাক/এসআই