পলাশে ডাক্তারসহ আরও ৯জনের করোনা শনাক্ত

পলাশ উপজেলায় প্রতিদিন বাড়ছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তারসহ নতুন করে আরও ৯জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা ইয়াসমিন ও পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ নাসির উদ্দিন।

নতুন ৯জন নিয়ে পলাশ উপজেলায় ৫৮জন করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন করোনা শনাক্তদের মধ্যে ঘোড়াশাল পৌর এলাকার জনতা জুট মিলে ২জন, পৌরএলাকার গড়পাড়া গ্রামে ৩জন, বালুচরপাড়া গ্রামে ১জন, উওরচরপাড়া গ্রামে ১জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন ও উপজেলার গজারিয়া ইউনিয়নের রামাইনন্দী গ্রামে ১জন।

উপজেলা নির্বাহী অফিসার আরও জানান, করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত ৯জন নিজ বাসায় আইসোলেশন ও লকডাউনে থাকবে। এ অবস্থায় কেউ বাড়ির বাহিরে যাবে না এবং কেউ প্রবেশ করবে না। ১৪ দিন পর তাদের নমুনা সংগ্রহ করা হবে এবং তাদের খাবারসহ যা প্রয়োজন উপজেলা প্রশাসন, পুলিশ এবং এলাকার জনপ্রতিনিধিরা ব্যবস্থা করবে।

উল্লেখ্য উপজেলার নতুন ৯জনের নমুনা সংগ্রহ করা হয় ৩১ মে এবং ১ জুনে। তাদের রিপোর্ট আসে ৭ জুন রাতে। এ উপজেলায় এ পর্যন্ত ৫৮জন করোনা রোগী শনাক্ত হলো। এর মধ্যে জিনারদী ইউনিয়নে ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যানসহ ১৭জন, ঘোড়াশাল পৌর এলাকায় এক স্বাস্থ্যকর্মী ও এক সাংবাদিকসহ ৩১জন, ডাংগা ইউনিয়নে ৩জন, চরসিন্দুর ইউনিয়নে ১জন, গজারিয়া ইউনিয়নে ১জন ও পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫জন। এদের মধ্যে জিনারদী ইউনিয়নে ইতিমধ্যে একজনের মৃত্যু হয়।

ইত্তেফাক/আরকেজি