বন্ধুদের আড্ডায়, খাওয়ার সময় কিংবা রান্নার সময় আপনাকে চুল বাঁধার কিছু নিয়ম মেনে চলতে হবে। চুলের সহবত নিয়ে জানাচ্ছেন নওশীন শর্মিলী
যা ঘটে?
l খেতে বসে চুল খোলা থাকলে খেতে অসুবিধে তো বটেই, আর যদি এই সময় কারো প্লেটে একটা চুল পড়ে, তবে তা কথাই নেই! খাবার নষ্টের পাশাপাশি আপনি বিব্রত কিংবা কেউবা বিরক্ত।
l বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা মারার সময়ও এই চুলই পারে সব পণ্ড করে দিতে। আড্ডা মারতে গিয়ে হয়তো খেয়ালই করেননি যে আপনার চুল গিয়ে পড়েছে বন্ধুর কফির কাপে।
l অফিসে মিটিং চলাকালীন যদি এমন হয় আপনি বারবার আপনার চুল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, হয়তো হেয়ার ক্লিপ দিয়ে চুল একবার বাঁধছেন আবার খুলছেন এক্ষেত্রে কনসেনট্রেশন নষ্টের পাশাপাশি সবাই বিরক্তও হতে পারে।
l প্রায়শই আমরা দেখতে পাই কোনো বাচ্চা হয়তো মুখে চুল দিয়ে আছে বা তাদের চোখে মুখে বারবার চুল চলে আসছে।
l চুল আঁচড়ে কেউ কেউ ফেলেন জানালার বাইরে আবার কখনোবা নিজের ড্রইংরুমের বেসিনে, যা কখনই সমর্থনযোগ্য নয়।
কী ঘটা উচিত
l খেতে বসলে চুল বেঁধে নেয়াই ভালো। বড় চুল হলে খোঁপা আর ছোট চুল হলে পনিটেল অথবা হেয়ার ব্যান্ড দিয়ে বেঁধে নেওয়া যেতে পারে।
l চুলের প্রশংসা শুনতে কার না ভালো লাগে! তাই বলে সেটা যদি কারো বিরক্তির উদ্রেক করে তবে তা মোটেও প্রশংসনীয় নয়। তাই বন্ধুদের সঙ্গে আড্ডা মারার সময় চুলটা ভালোভাবে বেঁধে আড্ডার প্রস্তুতি নিন।
l মিটিং চলার সময় অবশ্যই মনোযোগী হতে হবে। আর অফিস মিটিং ব্যাপারটা বেশ ফর্মাল। তাই মিটিংয়ের পূর্বে চুল ভালোভাবে ঠিক করে নিন। যাতে বারবার চুলে হাত না দেওয়া লাগে।
l বাচ্চাদের কোলে নেওয়ার আগে চুল অবশ্যই ভালোভাবে বেঁধে নেওয়া উচিত।
l চুল আঁচড়ে চিরুনি থেকে ঝরা চুলগুলো যেখানে সেখানে না ফেলে ওয়েস্ট বক্সে ফেলা উচিত।
কী করবেন
l যেখানে সেখানে ঝরা চুল না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলুন। পারলে কাগজে মুড়ে ফেলুন যাতে চুলগুলো উড়ে অন্য কোথাও চলে না যায়।
l যাদের বড় চুল তারা পাবলিক প্লেসে বিশেষ করে বাসে, রেস্তোরাঁয় সচেতন থাকুন যাতে আপনার চুল অন্যের বিরক্তির উদ্রেক না করে।
l যদি আপনি কর্মজীবী মহিলা হোন তবে কাজে যাওয়ার পূর্বে চুল খোঁপা বা বেণি করে নিন। আর ছোট চুল হলে পনিটেল করুন বা হেয়ার ক্লিপ ব্যবহার করুন।
l সবসময় হাতের কাছে চিরুনি বা হেয়ার ব্রাশ, ক্লিপ, রাবার ব্যান্ড রাখুন।
l বাচ্চাদের চুল স্কুলে যাওয়ার পূর্বে হেয়ার ব্যান্ড দিয়ে সুন্দরভাবে আটকে দিন। চোখে চুল পড়লে দেখতে মোটেও ভালো লাগে না।
কী করবেন না
l চুল আঁচড়ে যেখানে সেখানে ফেলবেন না।
l কেউ খেতে বসলে তার সামনে চুল আঁচড়াবেন না।
l কারো সঙ্গে কথা বলার সময় বারবার চুল ঠিক করবেন না।
l ফর্মাল অনুষ্ঠানে এমনভাবে হেয়ার স্টাইল করবেন না যাতে বারবার চোখের উপর এসে চুল পড়ে।
l বাসে চড়লে বা রেস্টুরেন্টে চুল খোলা না রেখে বেঁধে রাখুন।