লালমোহনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ভোলার লালমোহনে দুই মোটরসাইকেলের মুখেমুখি সংঘর্ষে রুবেল চন্দ্র মজুমদার (৩০) ও জাকির হোসেন (৪০) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২ জন। সোমবার (৮ জুন) বেলা ২ টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের আলম বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল উপজেলার কালমা ইউনিয়নের বাসিন্দা বাবুল চন্দ্র মজুমদারের ছেলে এবং সে ভাড়ায় চালিত হোন্ডা চালক বলে জানা গেছে। জাকির হোসেন চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নের বশির আলমের ছেলে। আহতদের মধ্যে রাকিব (৩০) এবং খোকন নামের ২ জনকে মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।

আরো পড়ুন: বেনাপোল সীমান্তে বিজিবির ওপর চোরকারবারীদের হামলা

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় লালমোহন শহর থেকে দু’জন যাত্রী নিয়ে কালমা গ্রামে যাচ্ছিলেন ভাড়ায় চালিত হোন্ডা চালক রুবেল। অপরদিকে ভোলা থেকে দু’জন সঙ্গী নিয়ে চরফ্যাশন উপজেলার নীল কমলে যাচ্ছিলেন জাকির। এসময় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান রুবেল। এ ছাড়া বরিশাল নেওয়ার পথে মারা যায় জাকির। 

লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ উদ্ধার করে ভোলা মর্গে পাঠানো হয়েছে।  

ইত্তেফাক/এএএম