পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী), বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ’র সহধর্মীনি ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মাতা সাহানা আরা বেগমের দাফন সম্পন্ন হয়েছে।
রবিবার রাত সাড়ে ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। রাতেই হাসপাতাল চত্বরে তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ৮টায় বরিশাল মুসলিম গোরস্থান মাদ্রাসা মাঠে তার দ্বিতীয় জানাজা শেষে সেখানেই দাফন সম্পন্ন হয়। দাফনের আগে মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এসময় রাষ্ট্রের পক্ষে মরহুমার কফিনে জেলা প্রশাসনের পক্ষ থেকে পূস্পার্ঘ শ্রদ্ধা নিবেদন করা হয়। জানাজার নামাজে আবুল হাসানাত আবদুল্লাহ সহ তিন ছেলে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মঈন আবদুল্লাহ, আশিক আবদুল্লাহ এবং জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতা-কর্মীরা, প্রশাসনের ঊর্ধ্বতনরা, আত্মীয়-স্বজনরা অংশ নেন। বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ছাড়াও একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ চার দিনের শোক পালন করবে। এসময় দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এছাড়া বরিশাল সিটি করপোরেশনের পক্ষ থেকে কালোব্যাজ ধারণ, কোরআন খতমসহ নানান কর্মসূচী পালন করছে।
সাহান আরা বেগমের মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন ও মরহুমার কবর জেয়ারত করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ (সদর) আসনের এমপি কর্নেল (অব) জাহিদ ফারুক শামীম, বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সাংসদ মোঃ. মইদুল ইসলাম। এছাড়াও শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ. ছাদেকুল আরেফিন, বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক সাংসদ অ্যাডঃ তালুকদার মোঃ. ইউনুস, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এ্যাড. বলরাম পোদ্দার, বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুন, জাতীয় পার্টি (এ) যুগ্ম মহাসচিব ইকবাল হোসেন তাপস, বরিশাল বিসিক শিল্প নগরী মালিক সমিতির সভাপতি মোঃ. মিজানুর রহমান, অমৃত লাল দে এন্ড কোং এর ব্যবস্থাপনা পরিচালক বিজয় কৃষ্ণ দে, বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটি, শব্দাবলী গ্রুপ থিয়েটার, ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চীফ এসোসিয়েশন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ শোক বিবৃতিতে মরহুমার বিদেহী আত্মার চিরশান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ইত্তেফাক/এসআই