না.গঞ্জে করোনায় মোট মৃত্যু ৮৯, আক্রান্ত প্রায় ৩ হাজার ৬ শ

করোনার হটস্পট ও রেডজোন হিসেবে চিহ্নিত জেলা নারায়ণগঞ্জে গত চব্বিশ ঘণ্টায় করোনা ভাইরাসে আরো চারজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪ জন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ এবং আক্রান্ত ৩ হাজার ৫শ’ ৯৪ জনে। 

রবিবার জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। পুরো জেলায় মৃত্যু হওয়া ৮৯ জনের মধ্যে এলাকা ভিত্তিক এ যাবৎ করোনায় প্রাণ হারিয়েছেন- আড়াইহাজার উপজেলায় ২, বন্দর উপজেলায় ২, সিটি করপোরেশন(এনসিসি) এলাকায় ৫৩, রূপগঞ্জ উপজেলায় ২, সদর উপজেলায়(ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১৮ এবং সোনারগাঁও উপজেলায় ১২ জন। এছাড়া পুরো জেলায় আক্রান্ত হওয়া ৩হাজার ৫শ’ ৯৪ জনের মধ্যে ভিত্তিক আক্রান্ত- আড়াইহাজার উপজেলায় ৩শ’ ১৭, বন্দর উপজেলায় ১শ’ ০৮, সিটি করপোরেশন(এনসিসি) এলাকায় ১ হাজার ৩শ’ ২৬, রূপগঞ্জ উপজেলায় ৫শ’ ৬০, সদর উপজেলায় ৯শ’ ৯৭ এবং  সোনারগাঁও উপজেলায় ২শ’ ৮৬ জন। 

পুরো জেলায় সুস্থ হওয়া ৯শ’ ১০ জনের মধ্যে এলাকা ভিত্তিক সুস্থ হয়েছেন- আড়াইহাজার উপজেলায় ৪৭, বন্দর উপজেলায় ১৯, সিটি করপোরেশন(এনসিসি) এলাকায় ৫১৩, রূপগঞ্জ উপজেলায় ১০, সদর উপজেলায় ২শ’ ৯৩ এবং সোনারগাঁও উপজেলায় ২৮ জন। 

এদিকে নারায়ণগঞ্জের রেড জোন হিসেবে চিহ্নিত নতুন করে লকডাউন করা তিনটি এলাকা শহরের আমলাপাড়া, জামতলা এবং ফতুল্লার রূপায়ন টাউনে নজরদারি বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। লকডাউনের দ্বিতীয় দিনে রবিবার সকাল থেকে পুলিশের পাশাপাশি টহল অব্যাহত রেখেছে সেনাবাহিনী এবং ভ্রাম্যমান আদালত।

আঞ্চলিকভাবে লকডাউন করা এলাকাগুলোর প্রতিটি মহল্লায় প্রবেশপথে গতকাল থেকেই ব্যারিকেড দিয়েছে স্থানীয় প্রশাসন। এসব এলাকা থেকে কেউ যাতে বাইরে বের না হন এবং অন্য এলাকা থেকেও কেউ যাতে লকডাউন এলাকায় প্রবেশ করতে না পারেন সেজন্য মাইকিং করে প্রচার প্রচার প্রচারণাও চালানো হয়েছে। মানুষকে ঘরবন্দি রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী সরবরাহ এবং স্বাস্থ্য-বিভাগ থেকে টেলিমেডিসিন সেবা প্রদানের ব্যবস্থাও রাখা হয়েছে। লকডাউনের বিষয়টি মানুষকে অবগত ও সতর্ক করতে প্রশাসন সর্বাত্মক চেষ্টা চাললেও স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। প্রয়োজন ছাড়াও নানা অজুহাতে বাইরে চলাচল করতে দেখা গেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে।

তবে জেলা প্রশাসক মোহাম্মদ জসীম উদ্দিন ও পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানিয়েছেন, লকডাউন শতভাগ কার্যকর করতে প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে এবং বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

ইত্তেফাক/এসআই