ভোলায় পুলিশের সঙ্গে জলদস্যুদের ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় সফিকুল ইসলাম (৪০) নামে এক জলদস্যু নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও ৪টি রাম দা উদ্ধার করেছে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মাদকসহ ৪টি মামলা রয়েছে।
সদরের ভেদুরিয়া ফেরিঘাট এলাকায় মঙ্গলবার ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত সফিকুল পশ্চিম ইলিশা ইউনিয়নের মৃত মান্নাফ বেপারীর ছেলে।
ভোলার পুলিশ সুপার সরকার মো. কায়সার জানান, দুই দল জলদস্যুদের মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে ভোলা সদর মডেল থানা ও ইলিশা ফাঁড়ির পুলিশের টিম ভেদুরিয়া এলাকায় অভিযান চালায়।
এ সময় পুলিশকে লক্ষ্য করে জলদস্যুরা গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে দস্যুরা ট্রলারযোগে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দস্যু শফিকুলের লাশ উদ্ধার করা হয়। পুলিশ সুপার আরো জানান, বন্দুকযুদ্ধে পুলিশ ৪ রাউন্ড শর্টগান ও ২ রাউন্ড চাইনিজ গুলি চালায়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদরে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি