করোনাকালেও থেমে নেই রাবির ফার্মেসি বিভাগ

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনা মহামারি ছড়িয়ে পড়েছে। কিন্তু করোনার সংক্রমণ ও এর প্রভাবে সৃষ্ট অর্থনৈতিক সমস্যাটি বাংলাদেশের মতো নিম্ন আয়ের দেশের জন্য ভয়াবহ সংকট তৈরি করছে। এমন সংকটপূর্ণ মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ রেখে চলেছে অনন্য দৃষ্টান্ত। করোনা মহামারি প্রতিরোধ, জনসচেতনতা তৈরি এবং মহামারির ফলে ক্ষতিগ্রস্ত দরিদ্র শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক সহায়তার মাধ্যমে নিয়মিত ভূমিকা রেখে চলেছে ফার্মেসি বিভাগ।

বাংলাদেশে করোনা সংক্রমণ শুরুর একেবারে প্রাথমিক পর্যায়েই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের করোনা প্রতিরোধমূলক সচেতনতা তৈরিতে কর্মসূচি গ্রহণ করে ফার্মেসি বিভাগ। মুজিববর্ষ উপলক্ষ্যে বিভাগের নিজস্ব ল্যাবরেটরিতে শিক্ষক-শিক্ষার্থীরা মিলে হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করে তা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুস সোবহান ও উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক আনন্দ কুমার সাহা এবং অধ্যাপক চৌধুরী জাকারিয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে প্রতীকীস্বরূপ ১০০টি বোতল হস্তান্তর করেন।

করোনার সংক্রমণ ঠেকাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণায় শিক্ষার্থীরা সবাই বাড়িতে চলে যায়। এমন অবস্থায়ও করোনা সংক্রমণ প্রতিরোধে রাজশাহী সিটি করপোরেশন এলাকার জনগণকে করোনা সংক্রমণমুক্ত রাখতে নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও জনসচেতনতা সৃষ্টির গুরুত্ব অনুধাবন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ। এরই মধ্যে রাজশাহী সিটি করপোরেশনের মাননীয় মেয়র এ এইচ এম খায়রুজজামান লিটনের আহ্বানে সাড়া দিয়ে জনস্বার্থে ফার্মেসি বিভাগের সভাপতি প্রফেসর আশিক মোসাদ্দিক ও সাবেক সভাপতি প্রফেসর মীর ইমাম ইবনে ওয়াহেদের নেতৃত্বে বিভাগের একদল শিক্ষার্থী রাজশাহীর প্রতিষ্ঠিত টিম ফার্মাসিউটিক্যালসের সার্বিক সহযোগিতায় ৩৫০ লিটার হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করে। রাজশাহী সিটি করপোরেশনের অর্থায়নে প্রস্তুতকৃত হ্যান্ড স্যানিটাইজারগুলো মেয়রের কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও প্রফেসর মীর ইমাম ইবনে ওয়াহেদ মেয়র মহোদয়কে রাজশাহীর জনসাধারণের জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় মাস্ক, ব্লিচিং পাউডার, চাল এবং অন্যান্য খাদ্যসামগ্রী সংগ্রহ ও মজুদ করবার পরামর্শ দেন!

সৈকত নিটওয়্যারের ১০০০ লিটার হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুতকরণে টেকনিক্যাল সাপোর্ট দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ। সানটেকসহ রাজশাহী শহরে আরো যে সব শিল্পপ্রতিষ্ঠান হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করেছে, তাদের কারিগরি সহযোগিতাও প্রদান করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ।